পুলিশ সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানায়, রবিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ভয়ান্ডালুর চিড়িয়াখানা থেকে ফিরছিলো দীনেশ। রেললাইন ধরে হাঁটছিলো তারা। হঠাৎই দীনেশের ট্রেনের সঙ্গে সেলফি তোলার ইচ্ছা হয়। সেই সময় চেন্নাই বিচ-চেঙ্গালপাট্টু বিদ্যুতবাহী ট্রেনটি যাচ্ছিল। দীনেশ সেলফি তোলার জন্য ওই ট্রেনের কাছে চলে যায়। তার একটি পা যে ওই ট্রেনের লাইনে পড়ে গিয়েছিল, তা দীনেশ নিজেও বুঝতে পারেনি। ফলে মুহুর্তের মধ্যেই চেন্নাই বিচ-চেঙ্গালপাট্টু বিদ্যুতবাহী ট্রেনের নীচে চলে যায় ১৬ বছরের দীনেশ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত মাসেও সেলফি তুলতে গিয়ে আরব সাগরে পড়ে গিয়ে মুম্বইয়ে ১৬ বছরের এক বালিকার মৃত্যু হয়। এক ব্যক্তি বহু চেষ্টা করেও বালিকাটিকে বাঁচাতে পারেনি। এরপরই ‘নো-সেল্ফি জোন’ হিসেবে ১৬টি এলাকাকে চিহ্নিত করে মুম্বাই পুলিশ। এদিকে ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ২০১৫ সালে গোটা বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি মানুষ সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন। ওয়াশিংটন পোস্ট ২০১৫ সালে বিশ্বের মোট ২৭ জনের সেলফি তুলতে গিয়ে প্রাণ হারানোর কথা জানিয়েছে। তাদের সমীক্ষা মতে, এদের মধ্যে অর্ধেকেরও বেশি মৃত্যু ঘটেছে ভারতে। সূত্র: ইন্ডিয়া টুডে
/বিএ/