বঙ্গোপসাগরে ৫২ দেশের মহড়া শুরু

বঙ্গোপসাগরের বুকে বৃহস্পতিবার থেকে শুরু হলো ৫২টি দেশের নৌসেনাদের চোখ ধাঁধানো মহড়া। ভারতের আয়োজনে শুরু হওয়া এই ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ চলবে পাঁচ দিন। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিশ্বের ইতিহাসে বৃহত্তম নৌ-মহড়াগুলির অন্যতম হয়ে উঠতে চলেছে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আহ্বানে শুরু হওয়া এই সামরিক প্রদর্শনী।

বঙ্গোপসাগরে মহড়া

এই আয়োজনে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার নৌসেনা একই সঙ্গে মহড়া দিচ্ছে। বিভেদ সত্ত্বেও মহড়ায় সামিল হয়েছে চিন আর জাপান। এমন দৃশ্য নিকট অতীতে বিরল। ভারতীয় আর চীনা নৌসেনার যৌথ মহড়াও মোটেই খুব একটা সুলভ দৃশ্য নয়। কিন্তু ভারতের আয়োজনে শুরু হওয়া ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) বিশ্বকে এমন অনেক বিরল ছবি উপহার দিতে চলেছে।

আনন্দবাজার জানিয়েছে, বঙ্গোপসাগরে অর্থাৎ ভারতের পূর্ব উপকূলে এই মহড়ার আয়োজন হয়েছে। বিশাখাপত্তনম বন্দরকে কেন্দ্র করে মহড়া চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বঙ্গোপসাগরের বুকে চোখ ধাঁধানো আয়োজন সম্পন্ন হয়েছে বুধবারের মধ্যেই। বিভিন্ন দেশের নৌসেনার নানা ধরনের যুদ্ধজাহাজ হাজির হয়েছে বিশাখাপত্তনমে। ভারতীয় নৌসেনারা বুধবার থেকেই কিছু কিছু মহড়া  শুরু করেছে।

বঙ্গোপসাগরে ৫ দিনের মহড়ায় অংশ নিচ্ছে ৫২টি দেশ

আনন্দবাজার জানাচ্ছে, আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে চলমান জটিলতার মধ্যে ভারতের ডাকে এতগুলো দেশের সাড়া দেওয়াকে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স তো এই মহড়াতে যোগ দিয়েছেই। মহড়ায় এসেছে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, পেরু-সহ আরও অনেকগুলি দেশ। আইএফআর-২০১৬-কে আন্তর্জাতিক মহল ভারতের বিরাট কূটনৈতিক সাফল্য বলেও মনে করছে। সূত্র: আনন্দবাজার

/বিএ/