জানা যায়, উত্তর প্রদেশের বুলান্দশাহর জেলার ম্যাজিস্ট্রেট বি চন্দ্রকলার সঙ্গে সেলফি তোলার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবক ফারাজ আহমেদকে কারাগারে যেতে হয়। গত সোমবার গ্রেফতারের পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পান তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিশাল কুমার। তিনি জানান, সোমবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট তার কার্যালয়ে স্থানীয় বিভিন্ন বিষয়ে লোকজনের সঙ্গে কথা বলছিলেন। দাফতরিক কাজে আসা বেশ কিছু বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে এসেছিলেন ফারাজ। ওই তরুণ একপর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।
কয়েকবার সতর্ক করা হলেও সেলফি তোলা থেকে তাকে নিবৃত্ত করা যায়নি। অধিকতর ভালো সেলফি তোলার চেষ্টা অব্যাহত রাখেন ওই যুবক। পরে তাকে কার্যালয়ের বাইরে নিয়ে গিয়ে ইতোমধ্যে তোলা সেলফিগুলো মুছে ফেলতে বলা হয়। কিন্তু এতে তিনি রাজি হননি। উল্টো উপস্থিত কর্মকর্তা ও পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এরপর তাকে আটক করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।
ঘটনার প্রতিক্রিয়ায় জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্রকলা বলেন, ওই যুবকের মনে রাখা উচিত ছিল যে, তিনি (চন্দ্রকলা) শুধু একজন সরকারি কর্মকর্তাই নন, একজন নারীও। আর নারীর মর্যাদার প্রতি সবারই সম্মান দেখানো উচিত।
স্থানীয় কোতোয়ালী থানায় ফারাজের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ সংঘটনের অভিপ্রায়ের অভিযোগ আনা হয়েছে।
/এমপি/