জাপানে পরমাণু স্থাপনার কাছে অগ্ন্যুৎপাত

Japanese volcanoজাপানের দক্ষিণাঞ্চলে একটি পরমাণু স্থাপনার কাছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণাঞ্চলের কিয়োশু দ্বীপের কাগোশিমা পর্বত থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে অগ্ন্যুৎপাত শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালের আধাঁর-ঘেরা আকাশে কমলা রঙের লাভার বিস্ফোরণ দেখা যায়। পাহাড়ের গা বেয়ে লাভা নেমে আসতেও দেখা গেছে।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে তীব্র বেগে ধূসর ধোঁয়া বেরিয়ে আসছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, সেনদাই পরমাণু স্থাপনার মাত্র ৫০ কিলোমিটার দূরে এ অগ্ন্যুৎপাত হচ্ছে।
২০১১ সালের ভয়াবহ সুনামিতে জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুতকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর দেশটির সব পরমাণু স্থাপনা বন্ধ করে দেওয়া হয়।
ওই বছর ফুকুশিমা পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ ফাটল ও তেজস্ক্রিয় পদার্থ নিঃসরণের পর দেশজুড়ে পারমাণবিক চুল্লির বিরুদ্ধে জনমত তীব্র হয়ে ওঠে। এর আগে কয়েক দশক ধরে দেশটির পরিবেশবাদী ও বামপন্থীরা পারমাণবিক চুল্লিকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে সেগুলো বন্ধ করে দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন। সূত্র: রয়টার্স।
/এমপি/