দৃষ্টান্তমূলক সাহস প্রদর্শন করে এবছর মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার ক্যাথলিক নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এভাবেই বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডের বিধান রহিত করা সম্ভব হবে।
পোপ ভ্যাটিকানের সেইন্ট পিটারস স্কয়ারে দর্শণার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বর্গীয় আদেশ ‘হত্যা করো না’ পরম মূল্য বহন করে। আর তা নিষ্পাপ এবং পাপী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি আরও বলেন, ‘এমনকি আইনানুগ সামাজিক প্রতিরক্ষার ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আগের চেয়ে অনেক বেশি জনমত রয়েছে।’
তিনি বিশ্বনেতাদের উদ্দেশ্যে বলেন, ‘মৃত্যুদণ্ডের বিধান রহিত করার জন্য বিশ্বব্যাপী ঐকমত্য গড়ে তোলার জন্য আমি শাসনকর্তাদের কাছে আবেদন জানাই। আর তাদের মধ্যে যারা ক্যাথলিক রয়েছেন, তাদেরকে দৃষ্টান্তমূলক সাহস প্রদর্শন করে করুণাময় এবছরে মৃত্যুদণ্ড কার্যকর থেকে বিরত থাকার প্রস্তাব করছি।’
পোপ ফ্রান্সিস জানান, সেইন্ট জন পলের চার্চ শিক্ষা অনুযায়ী, খ্রিস্ট ধর্মে মৃত্যুদণ্ডের কোনও বিধান নেই। তিনি এই শিক্ষার ওপরই গুরুত্বারোপ করছেন। তিনি সকল খ্রিস্টান এবং ভালো কাজের ইচ্ছা পোষণকারী ব্যক্তিদের কেবল মৃত্যুদণ্ড রহিত করার জন্যই আহ্বান জানাননি, বরং কারাগারের উন্নতির জন্য কাজ করার কথাও বলেছেন। সূত্র: এপি, এনডিটিভি।
/এনএস/এসএ/