নেহেরু বিশ্ববিদ্যালয়ের আন্দোলন

ক্যাম্পাসে ফিরলেন কথিত রাষ্ট্রদ্রোহীরা

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ‘দেশ বিরোধী স্লোগান দেওয়া’র দায়ে অভিযুক্ত কথিত ৫ রাষ্ট্রদ্রোহী শিক্ষার্থী তাদের ক্যাম্পাসে ফিরেছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এনডিটিভির খবরে বলা হয়েছে, বরিবার রাতে তারা বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে রাতভর ক্যাম্পাসে অবস্থান করেন। বাইরে তখন পুলিশ তাদের গ্রেফতারের জন্য অপেক্ষা করছিল। তবে জোর করে ক্যাম্পাসের ভেতর প্রবেশের চেষ্টা করেননি তারা। নিজস্ব সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না পুলিশ। এদিকে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ওই ৫ শিক্ষার্থীর ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা নিয়ে আলোচনায় বসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।   

রাতভর বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেন অভিযুক্ত ৫ শিক্ষার্থী

ক’দিন নিখোঁজ থাকার পর রবিবার ক্যাম্পাসে ফেরেন ‘দেশ-বিরোধী স্লোগান দেওয়া’র দায়ে অভিযুক্ত উমর খালিদ, অনির্বাণ ভট্টাচার্য, রামা নাগা, আশুতোষ কুমার এবং অনন্ত প্রকাশ। ভারতীয় সময় রাত সাড়ে ৯ টা নাগাদ ক্যাম্পাসে প্রবেশ করেন তাঁরা। পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, তাদের গ্রেফতারের জন্য রাতেই বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যায় পুলিশের পাঁচটি গাড়ি। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি না মেলায় ক্যাম্পাসে ঢুকতে গিয়েই বাধার মুখে পড়ে পুলিশ। নেহেরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, ৫ শিক্ষার্থীর গ্রেফতার ঠেকাতে তারা সর্বোচ্চ লড়াই চালিয়ে যাবেন।

উমর খালিদক্যাম্পাসে ফিরে উমর বলেন, ‘আমার নাম উমর খালিদ। আমি কোনও সন্ত্রাসবাদী নই।’ তাদের বিরুদ্ধে অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে উমর বলেন, ৮০০ ফোন কল করেছি, এমন প্রমাণ দেওয়া হোক। তিনি বলেন, ‘পাসপোর্টই নেই, পাকিস্তান যাব কী করে?’
এদিকে সোমবার উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নেহেরু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ওই ৫ শিক্ষার্থীর ব্যাপারে আলোচনা হবে। তাদের ব্যাপারে ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা আলোচনা করে ঠিক করা হবে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তবে ওই শিক্ষার্থীদের ব্যাপারে কী ধরনের সিদ্ধান্ত আসতে পারে তা নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
পুলিশ জানিয়েছে, দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে গ্রেফতার করা না হলেও, বাইরে এলেই তাঁদের গ্রেফতার করা হবে। এনিয়ে আজই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলবে পুলিশ। অন্যদিকে, উমর-সহ পাঁচ শিক্ষার্থীরও আজ উপাচার্যের সঙ্গে দেখা করার কথা রয়েছে।

অভিযুক্তদের গ্রেফতারের অপেক্ষায় থাকা পুলিশ
উল্লেখ্য, ৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে ওঠে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। ১২ ফেব্রুয়ারি গ্রেফতার হন ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। এরপর থেকেই উত্তাপ ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ বেশ কয়েকটি ক্যাম্পাস। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, বিবিসি

/বিএ/