জম্মু-কাশ্মিরে সেনা-জঙ্গি লড়াই অব্যাহত, নিহত বেড়ে ৭

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সেনা-জঙ্গি লড়াইয়ের তৃতীয় দিনে এসেও জঙ্গিমুক্ত করা যায়নি পাম্পরকে। এখনও সেখানে বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। সেখানকার এক সরকারি ভবনে এখনও ৩ থেকে ৫ জন জঙ্গি লুকিয়ে আছেন; নিরাপত্তা সূত্রের বরাতে এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। শনিবার থেকে এ পর্যন্ত চলাnonameবন্দুকযুদ্ধে অন্তত সাত জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, নিহতদের মধ্যে ৫ জন নিরাপত্তা সংশ্লিষ্ট, একজন বেসামরিক এবং অপরজন জঙ্গি। একই ধরনের খবর দিয়েছে জি-নিউজ। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে ওই জঙ্গির প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, রবিবার ভোরের দিকে এই অপারেশনের একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্যারাকম্যান্ডো পবন কুমার। জঙ্গিদের গুলি লাগলে হাসপাতালে নেওয়ার পর মারা যান হরিয়ানার ঝিন্দের এই বাসিন্দা। সেনা সূত্রের বরাতে আনন্দবাজার জানায়, পবন কুমার ছাড়াও প্রাণ হারিয়েছেন আরও দুই প্যারাকম্যান্ডো— ক্যাপ্টেন তুষার মহাজন ও ওম প্রকাশ। নিহতদের মধ্যে রয়েছেন সিআরপিএফের দুই জওয়ান ও এক স্থানীয় বাসিন্দাও। সেনা সূত্রের দাবি, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় বরিবার সন্ধ্যায় এক জঙ্গিরও প্রাণহানি হয়েছে।
সেনাবাহিনীর বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শনিবার পুলওয়ামায় সিআরপিএফ–র কনভয়ে হামলার পর, রাতে একটি সরকারি ভবনে লুকিয়ে পড়ে জঙ্গিরা। সেইসময়ে ওই ভবনে ১৩০ জন ছিলেন। প্রায় তিন ঘন্টা ধরে অভিযান চালিয়ে সবাইকে উদ্ধার করে সেনা ও সিআরপিএফ সদস্যরা। উদ্ধার হয় এক জঙ্গির দেহও। কিন্তু এক নিরাপত্তা কর্মকর্তার দাবি ওই  সরকারি ভবনের ভেতর এখনও চার থেকে পাঁচজন জঙ্গি লুকিয়ে রয়েছে।
ইডিআই ভবন সম্পূর্ণ জঙ্গিমুক্ত করতে আর কত সময় লাগবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন সিআরপিএফের লেফটেন্যান্ট জেনারেল সতীশ দুয়া। তবে কোনও তাড়াহুড়ো না করে জঙ্গি দমনে অপারেশন চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।  সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, আনন্দবাজার
/বিএ/