ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নকশাল-বিরোধী কোবরা ইউনিটের ৩ কমান্ডো নিহত হয়েছেন। সিআরপিএফ-এর আরও ১৩ সদস্য আহত হয়েছেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরবর্তী সুকমা জেলায় এই ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার কমান্ডো ব্যাটেলিয়ন ফর রিসলিউট অ্যাকশন (কোবরা) ২০৮ ব্যাটেলিয়নের একটি দল ডিস্ট্রিক্ট রিজার্ভ গ্রুপের সাথে যৌথভাবে দাব্বামার্কা জঙ্গলে একটি অনুসন্ধান অভিযান চালাচ্ছিল। দুপুরের দিকে তাদের ওপর আক্রমণ করা হয়। মাওবাদীদের সাথে এই ‘বন্দুকযুদ্ধ’ প্রায় ১২ ঘন্টা ধরে চলে। এতে ৩ কমান্ডো নিহত হন। আহত ১৩ জনের মধ্যে ব্যাটেলিয়ন কমান্ডার পিএস যাদবও রয়েছেন।
নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাব্বামার্কা জঙ্গল থেকে ১৫ কিলোমিটার দূরবর্তী কিসতারামে সরে যাওয়ার সময়ও তাদের ওপর বেশ কয়েকবার আক্রমণ চালানো হয়। তিন নিহত কমান্ডোরা হলেন ফতেহ সিং, এনএস লানজু এবং লক্ষ্মণ কুর্তি। আহতদের হেলিকপ্টারের সাহায্যে কিসতারাম ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর আহতদের রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্র: এনডিটিভি।
/এসএ/