‘স্বামী জোর করলে সেটাও ধর্ষণ’


nonameকেবল অন্যদের বেলায় নয়, স্বামী জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করলে তাকেও ধর্ষণ হিসেবে গণ্য করতে হবে; মন্তব্য করেছেন ভারতের জাতীয় নারী কমিশন (এনসিডাব্লিউ) এর সদস্য রেখা শর্মা। দাম্পত্য ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করবার পক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, বিশ্বের বহু দেশেই দাম্পত্য ধর্ষণ (বিবাহিত নারী-পুরুষের ক্ষেত্রে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন) আইনের চোখে অপরাধ বলে বিবেচিত হলেও একে অপরাধ বিবেচনা করতে নারাজ ভারত। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে নারী ও শিশু উন্নয়নবিষয়ক ইউনিয়ন মন্ত্রী মেনকা গান্ধী বলেন, বিয়ের পর ধর্ষণের যে ধারণা আন্তর্জাতিকভাবে পরিচিত, ভারতীয় প্রেক্ষাপটে তার প্রয়োগ অসম্ভব।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, দাম্পত্য ধর্ষণের বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করতে কেন্দ্রীয় সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চেয়ে গতকাল ভারতের পার্লামেন্টে প্রশ্ন করা হয়। এর উত্তরে মেনকা গান্ধী বলেন, বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও বিভিন্ন কারণে ভারতে এর প্রয়োগ করা অসম্ভব। এই কারণগুলোর মধ্যে আছে শিক্ষাগত যোগ্যতা, নিরক্ষরতা, দারিদ্র্য, বিভিন্ন সামাজিক প্রথা ও মূল্যবোধ, ধর্মীয় বিশ্বাস ইত্যাদি। মন্ত্রী আরও বলেন, বিয়েকে একটি আধ্যাত্মিক বিষয় হিসেবে দেখেন ভারতীয়রা।
এই প্রেক্ষাপটে রেখা শর্মা বলেন, ‘ধর্মীয় কিংবা আধ্যাত্মিক বিশ্বাসের অজুহাতে স্ত্রীর ওপর স্বামীর নৃশংস অত্যাচার মেনে নেওয়া যায় না।’ একটা ধর্ষণ ধর্ষণই, তা অন্যকেউ করুক আর স্বামী করুক’। এক টুইটার বার্তায় শুক্রবার এই মন্তব্য করেন রেখা। পরে টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, বিশ্বের বহু দেশেই দাম্পত্য ধর্ষণকে অপরাধ গণ্য করা হয়। ভারতে তার ব্যতিক্রম হবে কেন? এ নিয়ে নারী ও শিশু উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়কে কোনও প্রস্তাব দেবেন কিনা, টাইমস অব ইন্ডিয়ার এমন প্রশ্নের জবাবে রেখা জানান, মন্ত্রণালয় চাইলে তিনি তার মতামত দেবেন। তবে এই বিষয় নিয়ে জনপরিসরে জোরালো আলোচনা তুলবেন বলে জানান রেখা। তিনি মনে করেন, এ নিয়ে খোলামেলা আলোচনা হওয়া দরকার।
উল্লেখ্য, ৬০ এর দশকে নারীবাদিরা দাবি তোলেন, বিয়ের পরও জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হলে তাকে ধর্ষণ বিবেচনা করতে হবে। দাম্পত্য ধর্ষণকে অপরাধ গণ্য করা প্রথম দেশগুলো হলো সোভিয়েত ইউনিয়ন, পোল্যান্ড, চেকোস্লাভাকিয়া ও স্লোভেনিয়া। এখন বিশ্বের বহু দেশেই একে অপরাধ গণ্য করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/বিএ/