বেলজিয়ামে বিস্ফোরণ: নিহত অন্তত ৩৪, আরও প্রাণহানির শঙ্কা

বেলজিয়ামের ব্রাসেলসে জাভেনতেম বিমানবন্দর এবং ইইউ ইন্সটিটিউশনের কাছের মালবিক মেট্রো স্টেশনে পৃথক পৃথক বিস্ফোরণে দেশটির কর্তৃপক্ষের তরফে এ পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ৩৪ জনের প্রাণহানির খবর জানানো হয়েছে। মঙ্গলবার বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত এবং ৮১ জন আহত হয়েছেন বলে বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী নিশ্চিত করেছেন। আর মালবিক স্টেশনে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত ও ৫৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন ব্রাসেলসের পরিবহন কর্মকর্তারা। তবে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান প্রাণহানির সংখ্যা ৩৪ বলে জানিয়েছে। এর মধ্যে ২০ জন মেট্রো স্টেশনের হামলায় এবং ১৪ জন বিমানবন্দরে হামলার ঘটনায় নিহত হন বলে উল্লেখ করা হয়েছে। বিস্ফোরণের পর দেশটিতে সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি করা হয়েছে। হামলার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে গোটা মেট্রো ব্যবস্থাও। 


noname

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে  ব্রাসেলসে জাভেনতেম বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যমগুলো জানায়, হামলার সময় লোকজন টার্মিনাল ছেড়ে আতঙ্কে চারদিকে ছোটাছুটি করতে থাকে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে একজন লোক হামলার আগে আরবিতে চিৎকার করে সবাইকে বিমান বন্দরে আসতে  নিষেধ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবিতে বিমানবন্দরের টার্মিনাল ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। বিমান বন্দরের কয়েকটি এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

noname

এদিকে বিমানবন্দরের হামলার এক ঘণ্টার মধ্যেই ইইউ ইন্সটিটিউশনের কাছের মালবিক মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ঘটনার পর ইইউ ইন্সটিটিউশনের সব বৈঠক বাতিল করা হয়েছে।

এদিকে বেলজিয়ামের স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, আরও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে জোড়া হামলার একটি আমেরিকান এয়ারলাইন্সের চেক ইন এলাকাতে হয়েছে। তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এটি জঙ্গি হামলা কিনা, এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে একাধিক সূত্র বলছে, এই হামলা প্যারিস হামলার ঘটনায় মূল সন্দেহভাজন আব্দেসলামের গ্রেফতারের প্রতিশোধে হতে পারে। প্রাথমিকভাবে এটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।

/এফইউ/বিএ/