অ্যাপলকে ছাড়াই রিজওয়ান ফারুকের আইফোন আনলক করবে এফবিআই!

nonameঅ্যাপলকে ছাড়াই যুক্তরাষ্ট্রের সান বার্নার্দিনো হামলাকারী রিজওয়ান ফারুকের আইফোন আনলক করার পদ্ধতি বের করেছে এফবিআই, দাবি করেছে দেশটির বিচার বিভাগ। আর মার্কিন বিচার বিভাগের আবেদনের প্রেক্ষিতে এই বিষয়ে আদালতের এক শুনানির দিন পুনঃনির্ধারণ করা হয়েছে।
এর কিছু আগে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জন ম্যাকাফি বিজনেস ইনসাইডারে লেখা এক নিবন্ধে দাবি করেন, এফবিআই চাইলে মাত্র ৩ সপ্তাহে আইফোন 'আনলক' করবেন তিনি! আর সোমবার আদালতে ফাইল করা আবেদনে প্রসিকিউটররা বলেন, এফবিআই এর বাইরের একজন অ্যাপলের সহযোগিতা ছাড়াই রিজওয়ানের আইফোন আনলক করার পদ্ধতি প্রদর্শন করেছে। তবে সেটি কাজ করবে কী না সেই বিষয়ে আরো পরীক্ষার প্রয়োজন রয়েছে। যদি এটা সম্ভব হয় তাহলে অ্যাপলের সহযোগিতা প্রয়োজন হবে না। এই বিষয়ে আগামী ৫ এপ্রিল আদালতকে জানাবে বিচার বিভাগ।  
এর আগে দেশটির বিচার বিভাগ অ্যাপলকে সান বার্নার্দিনোতে হামলাকারী রিজওয়ান ফারুকের ফোন আনলক করতে অ্যাপলকে সাহায্য করার নির্দেশ দেয়। তখন এফবিআই জানায়, কেবল ওই একটি ফোন নয়, সকল আইফোনের জন্যই যখন-তখন আনলকের একটি 'পথ' বানিয়ে দিতে হবে অ্যাপলকে। কিন্তু অ্যাপল বরাবরের মতো এই সিদ্ধান্তের বিরোধিতা করে। অ্যাপলের মতে, এভাবে ফোন আনলক করার ব্যবস্থা করলে ব্যক্তিগত গোপনীয়তার জন্য বিরাট হুমকি হয়ে উঠবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে রিজওয়ান ফারুক ও তার স্ত্রী ক্যালিফোর্নিয়ায় ১৪ জনকে গুলি করে হত্যা করে। এই দুইজন আইএস সমর্থক ছিল বলে ধারণা করা হয়। দুইজনকেই গুলি করে হত্যা করে পুলিশ।
এফবিআই-এর উদ্দেশ্যে দেওয়া প্রস্তাবে রীতিমত বোমা ফাটান ম্যাকাফি। বিজনেস ইনসাইডারে লেখা এক প্রবন্ধে তিনি বলেন, "তো, এফবিআই-কে আমি একটা প্রস্তাব দিচ্ছি। আমি করব, বিনামূল্যে, আমার দলকে নিয়ে স্যান বার্নার্ডিনো ফোন-এর তথ্য ডিক্রিপ্ট করব। আমরা প্রথমে 'সোশাল ইঞ্জিনিয়ারিং' ব্যবহার করব, আর এতে তিন সপ্তাহ লাগবে। আপনারা যদি আমার প্রস্তাব গ্রহণ করেন, তাহলে আর আপনাদের অ্যাপলকে তাদের পণ্যের জন্য ব্যাক ডোর করে দিতে বলতে হবে না, যার মাধ্যমে আমেরিকার পতন শুরু হবে।" সূত্র: বিজনেস ইনসাইডার, বিবিসি 

/বিএ/