২৫০ কোটি জিমেইল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

হ্যাকিংয়ের শিকার হয়েছে বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন পরিষেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। এতে প্রতিষ্ঠানটির ই-মেইল পরিষেবা জিমেইলের প্রায় ২৫০ কোটি অ্যাকাউন্টের তথ্য বেহাত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে 'সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্ম'-এর প্রবেশ করে 'শাইনি হান্টার্স' নামের একটি হ্যাকার দল। এভাবে তথ্যভান্ডারে প্রবেশ করে বিপুল পরিমাণ ব্যবসায়িক নথি ও গ্রাহকের তথ্য চুরি করেছে তারা। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গোপনে ব্যবসায়িক নথি, বিভিন্ন প্রতিষ্ঠানের নাম এবং জিমেইল ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেওয়ায় প্রায় ২৫০ কোটি রেকর্ড ঝুঁকিতে পড়েছে।

এদিকে, ব্যবহারকারীদের পাসওয়ার্ড নিরাপদ রয়েছে দাবি করলেও ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্ট সংখ্যা প্রকাশ করেনি গুগল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ জেমস নাইট বলেন, এই হ্যাকিংয়ের পর থেকে ফিশিং আক্রমণ দ্রুত বেড়েছে। ব্যবহারকারীরা যেন ফোনকল বা ই-মেইলে প্রাপ্ত কোনও অনুরোধে আস্থা না রাখেন।

ফিশিং হচ্ছে সাইবার অপরাধের একটি ধরন, যেখানে কোনও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের পরিচয়ে কোনও সেবাগ্রহীতার সঙ্গে যোগাযোগ করে ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়।

সর্বশেষ হ্যাকিংয়ের পর, বেহাত তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের কাছে ভুয়া ই-মেইল ও ফোনকল আসার খবর পাওয়া যাচ্ছে। অনেক ব্যবহারকারী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ৬৫০ এরিয়া কোড ব্যবহার করে কল আসছে এবং অ্যাকাউন্ট রিসেটের জন্য চাপ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে হ্যাকাররা নিজেদের গুগল কর্মী পরিচয় দিয়ে গ্রাহকদের কাছে থেকে নিরাপত্তা কোড বা লগইন তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

প্রতারণা থেকে বাঁচতে সেবাগ্রহীতাদের সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য তারা অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করে তা শক্তিশালী করা, সিকিউরিটি চেকআপ চালু, অ্যাডভান্সড প্রটেকশন প্রোগ্রাম ব্যবহার এবং সম্ভব হলে পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছেন।