যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) এ-১০ ওয়ার্থগ মডেলের যুদ্ধবিমানটি হরমুজ প্রণালির কাছে পারস্য সাগরে আছড়ে পড়ে। এ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে।

এর আগে একই দিন দেশটির মধ্যাঞ্চলে মার্কিনিদের একটি এফ-১৫ ভূপাতিত করা হয়। ওই বিমানে থাকা দুই জন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা হয়েছে। অপরজন এখনও নিখোঁজ। তাকে উদ্ধারে ব্যাপক অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা।

এ-১০ ওয়ার্থগ যুদ্ধবিমানটি ছোট ছোট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে কার্যকরী। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালিতে অভিযান চালাতে গিয়েছিল এটি।

এদিকে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সংবাদমাধ্যম সিএনএনকে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে অবহিত করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এফ-১৫ যুদ্ধবিমানের একজনকে উদ্ধার করতে সমর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপরজন এখনও নিখোঁজ। তিনি কী অবস্থায় আছেন, সেটি কেউ জানে না।