অনলাইনের গুজব নিয়ে যা বললেন সৌদির গ্র্যান্ড মুফতি

সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে মিথ্যা তথ্যের ছড়াছড়ি। প্রতিনিয়ত মিথ্যে তথ্যে প্রভাবিত হচ্ছে মানুষেরা। এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন হুমাইদ। মিথ্যা তথ্য যারা ছড়াচ্ছে তাদের সতর্ক করে মুসলিম বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় এই আলেম বলেছেন, “এ ধরনের কর্মকাণ্ডে যারা জড়িত তাদের সবার ওপরই নৈতিক দায়ভার বর্তায়।” খবর আরব নিউজের।

শুক্রবার (১০ এপ্রিল) মক্কায় খুতবা দেওয়াকালে বিন হুমাইদ জোর দিয়ে বলেন, “কঠিন সময়ে মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়।” তিনি মুসল্লিদের দৃঢ় থাকার আহ্বান জানান এবং পার্থিব বিষয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।

খুতবায় তিনি সতর্ক করে বলেন, “মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া শুধু ব্যক্তি ও সমাজের ক্ষতিই করে না, বরং এর সঙ্গে গুনাহর বোঝাও বহন করতে হয়।” তিনি জনমতের তোয়াক্কা না করে সত্য ও সততা বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

গুজব নিয়ে এর আগেও বারবার সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের দেশটিতে গুজব ছড়িয়ে দেওয়া একটি গুরুতর ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হয়।

সৌদির পাবলিক প্রসিকিউশনের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য তৈরি, শেয়ার বা প্রচারের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিরা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানার মুখোমুখি হতে পারেন। এছাড়া অপরাধে ব্যবহৃত ডিভাইসগুলো জব্দ করা হতে পারে।