বিদ্যুৎ সংকট সামাল দিতে ভেনিজুয়েলায় দুই মাসের জন্য সাপ্তাহিক ছুটি ৩ দিন করা হয়েছে। তেল-সমৃদ্ধ দেশটিতে বিদ্যুতের ব্যবহার কমাতে এবং পাওয়ার গ্রিডের পতন এড়াতে সরকারি প্রতিষ্ঠানে তিনদিন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হলো।
বুধবার দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানান। তিনি দুই মাসের জন্য ভেনিজুয়েলার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের সাপ্তাহিক ছুটি তিনদিন ঘোষণা করেন।
এ ঘোষণার ফলে আগামী দুই মাস শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সাপ্তাহিক ছুটি ভোগ করবেন দেশটি ১০ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী। তিনদিন ছুটির ফলে বিদ্যুৎ খরচ ২০ ভাগ সাশ্রয় হবে বলে জানান মাদুরো।
উল্লেখ্য, ভেনিজুয়েলার বিদ্যুতের ৭০ ভাগই আসে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে। তবে এল নিনো জলবায়ুর প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। এক মাস ধরে চলমান খরায় তীব্র বিদ্যুৎ সংকটের সৃষ্টি হয় দেশটিতে। সূত্র: দ্য গার্ডিয়ান।
/এসএ/