ফিলিপাইনে আবু সাইয়াফ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা নিহত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় বাসিলান দ্বীপে সশস্ত্র ইসলামি জঙ্গিগোষ্ঠী আবু সাইয়াফের সঙ্গে সংঘর্ষে ১৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন বলে সেনাবাহিনী জানিয়েছে। ওই সংঘর্ষে আহত হয়েছেন ৫০ জনেরও বেশি সেনা। 

আবু সাইয়াফ

আবু সাইয়াফ কমান্ডার ইসনিলন হাপিলনকে ধরতে শনিবার ওই অভিযান চালায় সেনাবাহিনী। সুন্নিপন্থী সশস্ত্রগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুগত ওই জঙ্গিকে ধরতে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আবু সাইয়াফের সঙ্গে সেনাদের ভয়াবহ লড়াইয়ে পাঁচ জঙ্গিও নিহত হয়েছে। তারা মরক্কোর নাগরিক বলে জানিয়েছে সেনাবাহিনী।

এদিকে এক সামরিক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শতাধিক আবু সাইয়াফ সদস্য সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তারা চার সেনাকে গলা কেটে হত্যা করে। সেনা মুখপাত্র জানান, বাকি ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়।

মুক্তি পাওয়ার পর রোলান্দো দেল তরসিও

উল্লেখ্য,  ফিলিপাইনে বেশ কয়েকজন বিদেশি পর্যটককে মুক্তিপণের জন্য অপহরণ করে আটকে রেখেছে আবু সাইয়াফ। এখনও ১৮ জন বিদেশি তাদের হাতে বন্দি রয়েছেন। শুক্রবার ছয় মাস আটকে রাখার পর ইতালীয় যাজক রোলান্দো দেল তরসিওকে মুক্তি দেয় ওই জঙ্গিগোষ্ঠী। এর একদিন পরই অপহৃতদের উদ্ধারে আবু সাইয়াফ বাহিনীর বিরুদ্ধে ওই সামরিক অভিযান পরচিালতি হয়। অপহৃতদের বাসিলানের নিকটবর্তী জোলো দ্বীপে আটকে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: বিবিসি।

/এসএ/বিএ/