ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ড

দুর্ঘটনাস্থলে প্রধানমন্ত্রী মোদি, ক্ষতিপূরণ ঘোষণা

ভারতের কেরালা রাজ্যের মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। হতাহতদের জন্য ঘোষণা করা হয়েছে ক্ষতিপূরণ। রবিবার ভোরে ওই দুর্ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভারতের প্রধানমন্ত্রী এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি শিগগির কেরালার ওই মন্দিরে পৌঁছাবেন। তিনি আরও জানিয়েছেন, তিনি কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডির সঙ্গে চলমান অবস্থা নিয়ে কথা বলেছেন এবং আশঙ্কাজনকদের হেলিকপ্টারের সাহায্যে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোল্লাম সফরের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে বার্ন স্পেশ্যালিস্টদের একটি দল থাকবে বলে জানা গেছে।

নরেন্দ্র মোদি

মোদি আরও বলেন, ‘আমি আমার মন্ত্রী পরিষদের সঙ্গেও কথা বলেছি এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছি।’ প্রধানমন্ত্রী প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে সরকারের এক মুখপাত্র বার্তা সংস্থা এএনআই-কে জানিয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার রাজধানী থিরুভানান্তাপুরমের ৬০ কিলোমিটার দূরবর্তী কোল্লাম জেলার পারাভর পুত্তিঙ্গাল দেবী মন্দিরে রবিবার ভোরে একটি ধর্মীয় উৎসবের আতশবাজি থেকে এ অগ্নিকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অগ্নিকাণ্ডের সময় মন্দিরে প্রায় এক হাজার পূণ্যার্থী উপস্থিত ছিলেন। দমকল কর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন। ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১

উদ্ধার কাজ চলছে

০৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে সাড়ে তিনশো মানুষ আহত হয়েছেন।

 

পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী উম্মেন চণ্ডি দিনের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে তিনি একটি তদন্তের আদেশ দেবেন। বিরোধীদলীয় নেতা ভি এস অচ্ছিতানন্দনও নির্বাচনী প্রচারণা বন্ধ রেখে কোল্লাম পৌঁছেছেন।

এর আগে রাজ্যের গৃহমন্ত্রী রমেশ চেন্নিলাল জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে তিনটার দিকে ওই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। তিনি জানান, হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং ওই ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে আতশবাজি সরবরাহকারী সুরেন্দ্রনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ তবে তাকে আটক করা সম্ভব হয়নি। সূত্র: দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/বিএ/