আকাশে তিন গ্রহের ‘মিনি প্যারেড’

মহাকাশপ্রেমীদের জন্য চলতি সপ্তাহটি এক দারুণ সুযোগ নিয়ে এসেছে। এ সপ্তাহে পশ্চিম আকাশে দেখা মিলছে সৌরজগতের তিনটি উজ্জ্বল গ্রহের।

মূল ঘটনা হলো শুক্র ও বৃহস্পতি গ্রহের মহাজাগতিক মিলন (কনজাংশন)। পৃথিবী থেকে দেখার ক্ষেত্রে যখন দুটি গ্রহকে একে অপরের খুব কাছাকাছি মনে হয়, তখন তাকে কনজাংশন বলা হয়। রাতের আকাশে সবচেয়ে সহজে দৃশ্যমান গ্রহগুলোর মধ্যে এই দুটি অন্যতম নির্ভরযোগ্য ও চমৎকার লক্ষ্য।

নাসা জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে সোমবার পর্যন্ত এই দুটি গ্রহের সঙ্গে যোগ দেবে বুধ। তিন গ্রহের এই জমায়েতকে নাসা বলছে ‘গ্রহদের একটি মিনি প্যারেড’।

নাসার পরামর্শ হলো, আকাশে শুক্র গ্রহকে সবচেয়ে উজ্জ্বল এবং সহজে খুঁজে পাওয়া যাবে, যার ঠিক পাশেই থাকবে বৃহস্পতি। আর বুধ গ্রহটি থাকবে দিগন্তের আরও কিছুটা নিচের দিকে। তাই গোধূলির আলোর আভা শেষ হওয়ার মুহূর্তে বুধকে দেখতে হলে পশ্চিম আকাশের একটি পরিষ্কার ও বাধাহীন দৃশ্যপট প্রয়োজন হবে। একটি টেলিস্কোপ বা দূরবীন থাকলে এই অভিজ্ঞতা আরও চমৎকার হবে।

বুধ গ্রহটি সূর্যের সবচেয়ে কাছের সঙ্গী হলেও সাধারণ আকাশপর্যটকদের জন্য এটিকে খুঁজে পাওয়া বেশ কঠিন। তাই বুধকে দেখার জন্য এটি একটি দারুণ সুযোগ। স্পেস ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, বুধ গ্রহকে স্পষ্ট দেখার এই সুযোগ অন্তত আগামী ২২ জুন পর্যন্ত স্থায়ী হবে।

সূত্র: অ্যাক্সিওস