দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১৯ জুন (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না ভ্যান্স; ডলারের দাপটে টানা তৃতীয় সপ্তাহের মতো কমলো স্বর্ণের দাম; মার্কিন ঘাঁটিতে হামলার লক্ষ্যে ইরাকে আইআরজিসির গোপন সেল; ট্রাম্পের ‘মহাপুরুষ’ তত্ত্বের নেপথ্য কাহিনি; ‘ফুটপাতে নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার’; ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে চলবে, দাবি যুক্তরাষ্ট্রের- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের এক মুখপাত্রের দেওয়া বিবৃতির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

 

ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর কড়া বার্তার কারণে বিশ্ববাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এর ফলে শুক্রবার (১৯ জুন) টানা তৃতীয় সপ্তাহের মতো দরপতনের মুখে পড়েছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে পরিচিত এই মূল্যবান ধাতু। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের সেনা বা ঘাঁটি রয়েছে এমন উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানোর জন্য ইরাকে নতুন গোপন সেল গঠন করেছে বলে জানিয়েছে রয়টার্স। আটটি ইরাকি সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নজরদারি এড়াতে এই সেলগুলো প্রতিষ্ঠিত মিলিশিয়া নেটওয়ার্কের বাইরে পরিচালিত হচ্ছে।

 

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করার পর থেকে নিজের ক্ষমতার ‘কোনও সীমা’ তিনি খুঁজে পাননি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দ্য অ্যাক্সিওস শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ঘোষণা দেন। শুধু তা-ই নয়, আগামী সপ্তাহে প্রকাশ পেতে যাওয়া একটি বইয়ে আরও চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। সেখানে দেখা গেছে, ট্রাম্প নিজেকে ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর মানুষ হিসেবে মনে করছেন এবং এই ধারণা তিনি বেশ উপভোগও করছেন।

 

ফুটপাতে নিরাপদে হাঁটা মানুষের একটি মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করতে সরকারকে আইন প্রণয়নের নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আদালত পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে পথচারীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি, চিহ্নিতকরণ ও তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আইনিভাবে স্বীকৃতি দেওয়ার তাগিদ দিয়েছেন।

 

লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে একটি যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দুজন মার্কিন কর্মকর্তা সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে যুদ্ধবিরতিটি কার্যকর হওয়ার নির্ধারিত সময়ের পরও দুই পক্ষের মধ্যে তীব্র সংঘাত অব্যাহত রয়েছে।