দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২১ জুন (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

সোমবারই পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার; চুক্তি না হলে হরমুজে টোল বসানোর হুমকি ট্রাম্পের; মিনাবের শিশুরা আমাদের দেখছে: মার্কিনদের সঙ্গে বৈঠকের আগে গালিবাফের বার্তা; ইরানই বিজয়ী, বিশ্বাস ৯২ শতাংশ ইসরায়েলির; নতুন বিশ্বব্যবস্থা? রাষ্ট্রপ্রধানদের মর্যাদায় এআই মোঘলরা; প্রথমবার ন্যাটোভুক্ত দেশে যুদ্ধজাহাজ রফতানি করলো তুরস্ক- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

টানা কয়েক মাসের তুমুল রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন কিয়ার স্টারমার। আগামী সোমবার (২২ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন এবং একই সঙ্গে তার পদত্যাগের চূড়ান্ত সময়সূচিও ঘোষণা করতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

 

ইরানের সঙ্গে ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি না হলে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র টোল আরোপ করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাম্প ডেভিডে সপ্তাহান্তের ছুটি কাটানোর সময় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসানে হওয়া প্রাথমিক চুক্তিতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ৬০ দিন টোলমুক্ত চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

 

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের অবসানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার কারিগরি আলোচনা শুরু হওয়ার আগে আবারও মিনাব স্কুলে হামলায় নিহত শিশুদের প্রসঙ্গ সামনে এনেছে তেহরান। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনায় অংশ নেওয়ার সময় মিনাবের নিহত শিশুদের আত্মত্যাগ তার চিন্তার কেন্দ্রে থাকবে।

 

ইরানের সঙ্গে যুদ্ধ এবং এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিকে নেতিবাচকভাবে দেখছেন বেশিরভাগ ইসরায়েলি। এক সাম্প্রতিক জরিপে অংশ নেওয়া ৯২ দশমিক ১ শতাংশ উত্তরদাতাই বিশ্বাস করেন, এই লড়াইয়ে তেহরানই জয়ী হয়েছে। হিব্রু ইউনিভার্সিটির এই জরিপের বরাতে এ তথ্য জানা গেছে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে। 

 

একসময় যা ছিল অকল্পনীয়, ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এবার ঠিক তেমনই এক ঐতিহাসিক ও চমকপ্রদ দৃশ্য দেখা গেলো। ফ্রান্সের আল্পস পর্বতমালায় আয়োজিত বার্ষিক জি-৭ সম্মেলনে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আসন দেওয়া হলো যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের (সিইও)। শুধু আসন দেওয়াই নয়, সম্মেলনে তাদের সঙ্গে অবিকল একটি স্বাধীন রাষ্ট্রের প্রধানের মতোই আচরণ ও সমাদর করা হয়েছে।

 

তুরস্কের ইতিহাসে এই প্রথম উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো) এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এমন একটি দেশে যুদ্ধজাহাজ রফতানি করা হয়েছে। রোমানিয়ার সঙ্গে স্বাক্ষরিত একটি বিক্রয় চুক্তির মাধ্যমে এই ঐতিহাসিক মাইলফলক অর্জিত হয়েছে বলে শনিবার জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।