দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ; খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের; খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান; বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ; জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির; খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।  

খামেনির শেষ বিদায়ের প্রস্তুতিতে সর্বোচ্চ সতর্কতায় ইরান, শরিক হচ্ছে ৩০টিরও বেশি দেশ

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের জন্য দেশের ইতিহাসের বৃহত্তম রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে তেহরান। দুই প্রতিবেশী দেশ— ইরান ও ইরাকের মোট পাঁচটি শহর জুড়ে আগামী শনিবার থেকে টানা ছয় দিনব্যাপী এই অভূতপূর্ব শোক ও বিদায় অনুষ্ঠানমালা পরিচালিত হবে। খামেনির এই অন্ত্যেষ্টিক্রিয়ায় দেশ-বিদেশ থেকে প্রায় ১৫ থেকে ২০ মিলিয়ন (দেড় থেকে দুই কোটি) শোকার্ত মানুষের সমাগম ঘটবে বলে ধারণা করছে দেশটির প্রশাসন। এর ফলে পুরো দেশজুড়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

খামেনির শেষ বিদায়ে ইরানে হামলার উসকানি ট্রাম্প-ঘনিষ্ঠ লুমারের

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের দিন দেশটিতে বোমাবর্ষণ করে ইসরায়েল প্রতিশোধ নিতে পারে এমন উসকানিমূলক ইঙ্গিত দিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ কট্টর ডানপন্থি কর্মী লরা লুমার। ইরান সরকারের সঙ্গে আলোচনাসহ যেকোনও ধরনের সমঝোতার দীর্ঘদিনের সমালোচক লুমার বৃহস্পতিবার (২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্টে ইসরায়েলের জন্য ইরানে হামলার সুযোগের ইঙ্গিত দেন।

খামেনিকে হত্যার হুমকি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’: জাতিসংঘে ইরান

ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনিকে হত্যার সর্বশেষ ইসরায়েলি হুমকির বিরুদ্ধে বিশ্ব সংস্থার কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠি পাঠিয়েছেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের কাছে পাঠানো এক চিঠিতে ইরাভানি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের দেওয়া এই হুমকিকে ইরানি সরকারি কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের একটি ‘পরিকল্পিত এবং নিয়মতান্ত্রিক নীতি’ হিসেবে অভিহিত করেছেন।

বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা: কেন বাড়ছে ভারতের উদ্বেগ

দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা নদী মহাপরিকল্পনা বা তিস্তা নদী ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে (টিআরসিএমআরপি) বাংলাদেশের পাশে থাকার চূড়ান্ত ইঙ্গিত দিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয়পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি তৃতীয়পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। তবে তিস্তা নদীটি ভারতের শিলিগুড়ি করিডোর এবং সংবেদনশীল সীমান্ত এলাকার মাত্র ১০-২০ কিলোমিটারের মধ্যে হওয়ায় বেইজিংয়ের এই সম্পৃক্ততা দিল্লির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

জাপানের প্রধানমন্ত্রীকে ‘ছোট বোন’ বলে সম্বোধন মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘আমার ছোট বোন’ বলে সম্বোধন করেছেন। বৃহস্পতিবার (২ জুলাই) ভারত-জাপানের ১৬তম বার্ষিক শীর্ষ সম্মেলনের পর যৌথ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  যৌথ সংবাদ বিবৃতিতে মোদি বলেন, ‘মহামান্য এবং আমার ছোট বোন, প্রধানমন্ত্রী তাকাইচি।’তিনি জাপানের প্রতিনিধিদল, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তাকাইচির প্রথম ভারত সফরে তাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত।

খামেনির শেষ বিদায় ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠানকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যেকোনও ধরনের হামলা থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার আলি আবদোল্লাহি বলেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনকে, যেকোনও ভুল হিসাব থেকে বিরত থাকার সতর্কবার্তা দিচ্ছি। আমাদের দেশের বিরুদ্ধে যেকোনও হুমকি বা আগ্রাসনের কঠোর জবাব দিতে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।