দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৩ জুলাই (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ; প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির; মোদির প্রতিশ্রুতিতেও যন্তর মন্তর ছাড়ছে না সিজেপি; মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস; সৌদি-মার্কিন পারমাণবিক চুক্তি কি বদলে দেবে মধ্যপ্রাচ্যের ভারসাম্য; মোদির সোশ্যাল মিডিয়া ‘গেম’ পাল্টে দিচ্ছে জেন-জি; ইয়েমেন কি হতে যাচ্ছে ইরান-মার্কিন সংঘাতের নতুন রণক্ষেত্র; ইরানে হামলায় বি-১ বোমারু বিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধি পেয়েছে। এতে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭ শতাংশ বা ১ ডলার ৪৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল ৮৮ ডলার ২৭ সেন্টে কেনাবেচা হচ্ছে।

 

প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার ‘ফাস্ট-ট্র্যাক’ বা দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেদেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

 

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত বিচার আদালত গঠনের আশ্বাস দিলেও ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থান নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির মুখপাত্র সৌরভ দাস স্পষ্টভাবে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘কোনও আপসের বিষয় হতে পারে না’ এবং এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

 

ডান পাশে স্পিকারে উচ্চশব্দে বাজছে ‘সারে জাঁহা সে আচ্ছা’ গানটি, সমবেত কণ্ঠে সুর মেলাচ্ছেন একদল আন্দোলনকারী। বাঁ পাশে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্পে জরুরি সেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা। কিন্তু এসবের মাঝেও একদম নির্বিকার পি হোসেন খান। একটি সাদা চার্ট পেপারের ওপর ঝুঁকে নীল আর সবুজ স্কেচ পেন দিয়ে এঁকে চলেছেন তিনি। শিল্পীর দক্ষতায় লেখাটি ফুটিয়ে তোলার পর ইংরেজি ‘i’ অক্ষরের ওপর ফোটার বদলে এঁকে দিলেন একটি ছোট্ট ‘হৃদয়’।

 

বেসামরিক পারমাণবিক কর্মসূচি বিকাশের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানি দফতর একে একটি ‘শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তি’ হিসেবে বর্ণনা করেছে। যা সৌদি আরবের পারমাণবিক শক্তি কর্মসূচিতে আমেরিকান কোম্পানিগুলোর বড় ধরনের প্রবেশের সুযোগ তৈরি করবে।

 

টিয়ার গ্যাসের ধোঁয়ার মাঝ দিয়ে দৌড়াচ্ছেন ১৮ বছর বয়সী অবন্তিকা সিং। চোখে তীব্র জ্বালা, ঠিকমতো দেখতেও পাচ্ছেন না। তবুও এক হাতে মুঠোফোন উঁচিয়ে চারপাশের বিশৃঙ্খলার দৃশ্য ধারণ করে চলেছেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী স্থবির করে দেওয়া শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকেই যোগ দিচ্ছেন এই তরুণী। বাড়ি ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই ঘটনার একটি ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশন লিখেছেন, ‘আজ আমরা পার্লামেন্টের বেল বাজিয়ে পালিয়ে এসেছি।’

 

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনের হুথিরা সৌদি আরব থেকে আসা তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে লোহিত সাগরে সামুদ্রিক অবরোধের ঘোষণা দিয়েছে। ইতোমধে দুটি সৌদি ট্যাঙ্কারে তারা হামলাও চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এর ফলে খুব শিগগিরই হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক অভিযান শুরু হতে পারে। একই সঙ্গে এমন পদক্ষেপ ইরানের প্রক্সিভিত্তিক আঞ্চলিক কৌশলের জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

 

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় দূরপাল্লার বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। ইরানের সঙ্গে ১২ দিন আগে লড়াই নতুন করে শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র বি-১ বোমারু বিমান দিয়ে সামরিক অভিযান চালালো।