সম্পর্কের নতুন চাবিকাঠি ‘স্বাধীনতা’

সঙ্গীর সঙ্গে পুরোটা সময় একসঙ্গে কাটানো নাকি কিছুটা স্বাধীনতা বজায় রাখা, দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কোনটা বেশি জরুরি? সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞদের মতে, সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরতা দীর্ঘমেয়াদে সম্পর্কের ক্ষতি করতে পারে। কারণ, সম্পর্কে জড়ানোর আগেও প্রতিটি মানুষ একজন স্বাধীন ব্যক্তি এবং সম্পর্কে থাকা অবস্থাতেও সেই স্বাধীনতা ধরে রাখা প্রয়োজন।

বিশেষজ্ঞদের মতে, নিজের ভালো লাগা, বন্ধুত্ব ও ব্যক্তিগত শখগুলোকে বিসর্জন দিলে সম্পর্কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়।

২০ বছর ধরে একসঙ্গে থাকা রুবি ও থিও দম্পতির মতে, একে অপরকে স্বাধীনতা দেওয়া এবং আলাদা বন্ধু ও সামাজিক জীবন বজায় রাখাই তাদের সফলতার অন্যতম কারণ।

যদিও বিশেষজ্ঞদের মতে, স্বাধীন থাকা আর পুরোপুরি আলাদা জীবনযাপন করার মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সাইকোসেক্সুয়াল থেরাপিস্ট লটি পাসেল-সিমসের মতে, সঙ্গী যখন নিজের জন্য কিছুটা সময় চান, তখন তাকে অবহেলা মনে না করে আত্মযত্নের অংশ হিসেবে দেখা উচিত।

এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ২৪ শতাংশ দম্পতির পুরোপুরি ভিন্ন শখ রয়েছে এবং ৭৩ শতাংশ মনে করেন আলাদা আগ্রহ থাকলে সম্পর্কে বৈচিত্র্যময় আলোচনার সুযোগ বাড়ে।

তবে ব্যস্ত জীবন ও স্বাধীনতার মাঝেও সম্পর্ক টিকিয়ে রাখতে পরিকল্পনা করে একসাথে সময় কাটানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

সম্পর্কের দূরত্বের অনুভূতি দূর করতে দৈনন্দিন জীবনে ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া, একসঙ্গে সিনেমা দেখা কিংবা রাতে অন্তত ১৫ মিনিট গল্প করার মাধ্যমে সম্পর্কের এই ভারসাম্য বজায় রাখা সম্ভব।

সূত্র: কসমোপলিটন