জাপানের উত্তরাঞ্চলের এক চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছে একটি শিম্পাঞ্জি।শুক্রবার চাচা নামের ওই পুরুষ শিম্পাঞ্জিটি মুক্তির আনন্দে বৈদ্যুতিক তার ধরে ঝুলতে থাকলে নিরাপত্তার খাতিরে ঘুমের ঔষধযুক্ত তীর নিক্ষেপ করে তাকে নামিয়ে আনার চেষ্টা করা হয়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, সামান্য আঘাতসহ নিরাপদে উদ্ধার করা গিয়েছে শিম্পাঞ্জিটিকে।সেন্ডাইয়ে অবস্থিত ইয়াগিইয়ামা জ্যুলজিক্যাল পার্কের কর্মকর্তারা আরও জানান, বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টার জন্য শিম্পাঞ্জিটি নিখোঁজ হয়ে গেলে সিসিটিভি ফুটেজ দেখে চাচার পালিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হন তারা।
প্রথমবার ঘুমের ওষুধযুক্ত তীর ছোড়ার পর চাচা সেই তীরটি তুলে ফেলে দিয়ে বৈদ্যুতিক তার ধরে ঝুলতে থাকে। এক পর্যায়ে ঘুমের ওষুধ কাজ করতে শুরু করলে সে সংজ্ঞা হারিয়ে নিচে পড়ে যায়।
চিড়িয়াখানার কর্মকর্তা তাকাশি ইতো জানান, শিম্পাঞ্জিটি দ্রুতই জেগে উঠবে তবে কয়েকদিন সে একটু ধীরগতিতে চলাফেরা করবে।
শিম্পাঞ্জিটি কিভাবে পালিয়ে গেল তা তদন্ত করতে শুক্রবার চিড়িয়াখানাটি বন্ধ রাখা হয়েছে।
সূত্রঃগার্ডিয়ান
/ইউআর/