দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে বাড়ছে প্রাণহানি, মৃত ৩৫৯; চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য; ৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’; যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ; হিমালয়ের ঢলের পানি কি পদ্মায় আসছে?; ‘মুসলিম দেশের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে নয়’, ঐক্য-সহযোগিতার আহ্বান পেজেশকিয়ানের- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে বাড়ছে প্রাণহানি, মৃত ৩৫৯

নেপালে বুধবারের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত আটটি জেলা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নেপালি পুলিশের মুখপাত্র অভি নারায়ণ কাফলে নেপালভিত্তিক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টকে এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন। সর্বশেষ তথ্যানুযায়ী, রাসুওয়া জেলায় ১৭টি, নুয়াকোটে ২৮টি, ধাদিংয়ে ৩৩টি, চিতওয়ানে ১৩২টি, গোর্খায় ৩০টি, তানাহুনে ২২টি, পূর্ব নাওয়ালপরাসিতে ৮২টি এবং পশ্চিম নাওয়ালপরাসিতে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য

বেইজিংয়ে চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠকে সীমান্ত ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গভীর ও বন্ধুত্বপূর্ণ আলোচনার পর উভয়পক্ষ ৮টি মতৈক্যে পৌঁছেছে। ২৫ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই এবং ভারতের বিশেষ প্রতিনিধি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল। বৈঠকে দুই দেশের নেতাদের গৃহীত ঐকমত্য সমুন্নত রাখা, সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মত হয়েছে দুই পক্ষ।

৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ২০০১ সালের ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করেছেন মার্কিন সামরিক আদালত। হামলার প্রায় আড়াই দশক (২৫ বছর) পর, আগামী ২০২৮ সালের জুন মাসে সামরিক আদালতে তার বিচার প্রক্রিয়া শুরু হবে। মার্কিন বিমান বাহিনীর বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ শরামা গত বুধবার এক আদেশে নিশ্চিত করেছেন যে, খালিদ শেখ মোহাম্মদ এবং তার তিন সহ-অভিযুক্তের বিচার ২০২৮ সালের ৫ জুন থেকে শুরু হবে। প্রসিকিউটররা ২০২৭ সালে বিচার শুরুর আবেদন জানালেও সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন ও আইনি জটিলতা নিরসনে অতিরিক্ত সময়ের প্রয়োজন উল্লেখ করে বিচারক এই সিদ্ধান্ত দেন।

যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ

ব্রিটিশ গবেষণাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক ডিজাইন সংস্থাগুলো এখন থেকে কোনও ধরনের স্পন্সরশিপ লাইসেন্স বা বাড়তি প্রশাসনিক ফি ছাড়াই সরাসরি শীর্ষ বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে পারছে। দেশটির সরকারের ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’ কাঠামোর সম্প্রসারণের ফলে এই নতুন সুযোগ তৈরি হয়েছে। সম্প্রতি কার্যকর হওয়া নতুন বিধিমালায় ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় বাণিজ্যিক গবেষণা সংস্থাকে এই ভিসার আওতাভুক্ত করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর পাশাপাশি বাণিজ্যিক ডিজাইন খাতের জন্য চালু করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি ক্যাটাগরি। এই সংস্কারের ফলে আন্তর্জাতিক গবেষক ও ডিজাইনারদের ক্ষেত্রে প্রথাগত ন্যূনতম বেতনের বাধ্যবাধকতা, সার্টিফিকেট অব স্পন্সরশিপ ফি এবং ইমিগ্রেশন স্কিলস লেভি পুরোপুরি মওকুফ থাকছে।

হিমালয়ের ঢলের পানি কি পদ্মায় আসছে?

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যার পানি ভারত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। এই ঢলের গতিপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বিহার থেকে বাংলাদেশ পর্যন্ত। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, হিমালয়ের লাংটাং লিরুং চূড়ার কাছে হিমবাহ ধসের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, এ ধস থেকেই বন্যার সূত্রপাত। প্রায় একই সময়ে বরফ ও পাথরের বড় একটি অংশ ধসে পড়ে লহেন্দে খোলা নদীতে গিয়ে পড়ে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, লহেন্দে খোলা পরে নেপালের ভোতে কোশি ও ত্রিশুলি নদীর সঙ্গে মিশে যায়। ত্রিশুলি নদীতে বন্যার প্রভাব ছিল ভয়াবহ—মাত্র ৩০ মিনিটে নদীর পানি ৯ মিটার পর্যন্ত বেড়ে যায়। নেপাল-তিব্বত সীমান্তবর্তী নদী হওয়ায় এই বন্যার কাদা ও ধ্বংসাবশেষ তিব্বতের শিগাতসে অঞ্চলের গিরং বন্দরে আঘাত হানে।

‘মুসলিম দেশের ভূখণ্ড অন্য দেশের বিরুদ্ধে নয়’, ঐক্য-সহযোগিতার আহ্বান পেজেশকিয়ানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান মধ্যপ্রাচ্যে কোনও যুদ্ধ শুরু করেনি, তবে আগ্রাসনকারীদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান কোনও দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের কীভাবে রক্ষা করতে হয় তা তারা ভালোভাবেই জানে। নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে পেজেশকিয়ান বলেন, ইরান মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়িয়েছে। এ সময় নিজ দেশের বিরুদ্ধে হামলা চালাতে যাতে প্রতিবেশীদের ব্যবহার না করা হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কোনও মুসলিম দেশেরই উচিত নয় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিবেশীকে অনিরাপদ করে তোলা। একইভাবে কোনও মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনও মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।