কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাংলাদেশে কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে কলকাতায় মিছিল ও বিক্ষোভ হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সন্ন্যাসী ও কর্মী এবং ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) কর্মীরা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে কলকাতার বেকবাগান এলাকায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলকারীদের আটকে দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা ব্যারিকেড পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। ব্যারিকেড পেরোনোর চেষ্টা ব্যর্থ হলে তারা ডেপুটি হাইকমিশনের বাইরে সড়কে অবস্থান নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, যথাযথ বিচার ছাড়াই দীর্ঘদিন ধরে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে রাখা হয়েছে। এনসিপিআইয়ের এক কর্মী দাবি করেন, বাংলাদেশে পরবর্তী সরকারগুলোর সময়ে হিন্দু সন্ন্যাসী হওয়ার কারণেই চিন্ময় প্রভুকে কারাবন্দি রাখা হয়েছে। তার দাবি, কোনও সহিংসতায় চিন্ময় জড়িত ছিলেন না।

চিন্ময় কৃষ্ণ দাস ২০২৪ সাল থেকে কারাগারে রয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরে মায়ের শেষকৃত্যে অংশ নিতে তাকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল।

এদিকে, কলকাতার এই কর্মসূচিতে শতাধিক সন্ন্যাসী ও সন্ন্যাসিনী এবং এনসিপিআইয়ের কয়েকজন কর্মী অংশ নেন বলে পৃথক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ মিছিলকারীদের বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পৌঁছাতে বাধা দেয়। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধিদল ডেপুটি হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয়।