দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১১ অক্টোবর (রবিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলায় ১২ জন নিহত, ফ্লাইট চলাচল বন্ধ; মণিপুরে ফের সহিংসতা: ৫ জনের প্রাণহানি, বাড়ি-দোকান পুড়ে ছাই; ফের পেছালো ফিলিস্তিনের নির্বাচন, চূড়ান্ত সিদ্ধান্ত আব্বাসের; পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি; রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের; জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে ১৫ শিশুসহ ১০৯ অভিবাসীর মৃত্যু; দিল্লির দমনপীড়নের পর সারা দেশে বিক্ষোভের ঘোষণা সিজেপির; রাশিয়া-ইউক্রেন ‘জ্বালানি যুদ্ধবিরতি’র ঘোষণা ট্রাম্পের-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ)।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের কামজং ও উখরুল জেলায় নতুন করে শুরু হওয়া সহিংসতায় শনিবার অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় কামজং জেলার চাসাদ এলাকায় ১০টি বাড়ি ও ২০টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়।

প্রায় দুই দশকের মধ্যে ফিলিস্তিনে প্রথম নির্বাচন আয়োজনের কথা থাকলেও তা ফের পিছিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফিলিস্তিনি লেজিসলেটিভ কাউন্সিলের ভোট প্রায় এক বছর পিছিয়ে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবার একটি ডিক্রি জারি করেছেন তিনি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে। 

ফেডারেল মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্টের অনুমোদনের পর খাইবার পাখতুনখাওয়ায় (কেপি) জরুরি অবস্থা ও গভর্নরের শাসন জারি করেছে পাকিস্তানের ফেডারেল সরকার। রবিবার এ সিদ্ধান্ত কার্যকর হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানয়েছে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইয়েমেনের সরকারকে সমর্থনকারী সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।  

জিবুতি থেকে ইয়েমেনে যাওয়ার পথে প্রায় ৩০৫ জনকে বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ১০৯ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন শিশু। নিখোঁজ রয়েছেন আরও ১১৬ জনের বেশি। রবিবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

দিল্লি পুলিশের হেফাজত থেকে ছাড়া পেয়েই নির্বাচনি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ আরও ছড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতারা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার যন্তর মন্তরের কাছে জড়ো হতে গিয়ে কয়েকশ মানুষ আটক হন। রবিবারও তরুণ বিক্ষোভকারীদের কয়েকটি দল যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধ করতে একটি ‘জ্বালানি যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই পক্ষকেই এই চুক্তি ভঙ্গ না করার আহ্বান জানিয়ে কঠোর সতর্কবার্তাও দিয়েছেন তিনি।