স্ট্যাফান ডি মিস্তুরা বলেন, ‘জোটের প্রতিনিধিরা জেনেভায় অবস্থান করলেও আলোচনায় আনুষ্ঠানিকভাবে তাদের অংশগ্রহণ স্থগিত করেছেন। সিরিয়ায় চলমান অস্ত্রবিরতির মধ্যে মানবাধিকারের অবনতির পাশাপাশি যেসব সংকট তৈরি হয়েছে সে ব্যাপারে উদ্বেগ জানিয়ে বিরোধীরা আলোচনা স্থগিত করছে। তারা জেনেভায় তাদের হোটেলেই অবস্থান করতে চান এবং সম্ভবত আমার পরামর্শ মোতাবেক আমি ও আমার দলের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা চালাতে চান।’
আরও পড়ুন: সৌদি আরব যুদ্ধবিরতি নস্যাতের চেষ্টা করছে: সিরিয়া
মিস্তুরা আরও জানান, একটি নতুন সংবিধান পেতে এবং রাজনৈতিক পটপরিবর্তনের জন্য আলোচনা করতে সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা আগস্ট পর্যন্ত সময় পাবেন।
তিনি বলেন, ৫ বছরের সংঘাতের পর অলৌকিকভাবে এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়ে যাবে তা আশা করা ঠিক নয়।
আরও পড়ুন: আইএসের তেল কিনছে সিরিয়া!
সিরিয়ার বিরোধী জোটের প্রধান রিয়াদ হিজাব বলেন, প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার যখন সিরীয় জনগণের ওপর বোমা হামলা চালাচ্ছে এবং তাদের অনাহারে রেখেছে সে সময় আলোচনা চালিয়ে যাওয়াটা অগ্রহণযোগ্য।
৫ বছরের সংঘাতের পর গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ায় একটি অস্ত্রবিরতি কার্যকরে সম্মত হয় দুই বিবাদমান পক্ষ। তবে উত্তরাঞ্চলে সরকার ব্যাপকভাবে এ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন বিদ্রোহীরা। সরকারও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ আনে। আর সোমবার এক বিবৃতিতে অস্ত্রবিরতি সমাপ্তির ঘোষণা দেয় ১০টি বিদ্রোহী গোষ্ঠী। সূত্র: আল জাজিরা
/এফইউ/