মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ডেমোক্রেটদের প্রচারে নেমে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের প্রচারে নেমে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও ও মিশিগান রাজ্যে আয়োজিত নির্বাচনি সমাবেশে ওবামা বর্তমান প্রশাসনের অর্থনৈতিক নীতি, মুদ্রাস্ফীতি এবং ইরান যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কড়া সমালোচনা করেন। খবর বিবিসি। 

ওহাইওর ক্লিভল্যান্ডে দেওয়া বক্তব্যে ওবামা বলেন, আগামী নির্বাচন হলো ট্রাম্প প্রশাসনের নানা ‘বোকামি’ এবং বিগত দুই বছরের ‘নৈরাজ্য, দুর্নীতি ও অদক্ষতা’ থামানোর এটাই সেরা ও শেষ সুযোগ। 

কোভিড মহামারীর পরবর্তী সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ ও মূল্যস্ফীতির কারণে ভোটারদের ডেমোক্রেটদের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার বিষয়টি সহানুভূতিশীলভাবে দেখলেও ওবামা বলেন, ‘বর্তমান পরিস্থিতির জন্য একমাত্র ট্রাম্প নিজেই দায়ী।’ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ট্রাম্পের আমলে প্রতিটি জিনিসের দাম আরও বেড়ে গেছে।’ 

এছাড়া বর্তমান ইরান যুদ্ধ নিয়েও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন ওবামা। তিনি বলেন, ‘এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর তেহরান একরকম ‘ভেটো ক্ষমতা’ পেয়ে বসেছে, যা আগে উন্মুক্ত ছিল।’

অপরদিকে ওবামার এই সমালোচনার জবাব দিতে গিয়ে ট্রাম্প জানিয়েছেন, তিনি অত্যন্ত কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং প্রয়োজনে যুদ্ধ শেষ করার বিষয়ে নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আর দেশজুড়ে শুরু হয়েছে আগাম ভোটাধিকার প্রয়োগ।

সমাবেশে ট্রাম্পের হোয়াইট হাউস পুনর্সজ্জার প্রচেষ্টাকে উপহাস করে ওবামা বলেন, ‘হোয়াইট হাউসে এত সোনার ব্যবহার করা হয়েছে যে মনে হয় সাদ্দাম হোসেন কোনও ‘চিজ কেক ফ্যাক্টরি’ খুলেছেন।’

ওহাইওর এই সমাবেশে ওবামা সাবেক সেনেটর শেরড ব্রাউন এবং গভর্নর পদপ্রার্থী অ্যামি অ্যাকটনের পক্ষে প্রচার চালান। এ সময় তিনি প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীর বিরুদ্ধে একটি আপত্তিকর নির্বাচনি বিজ্ঞাপন প্রচারের তীব্র নিন্দা জানান। অ্যামি অ্যাকটনের পারিবারিক ট্রমা ও শৈশবের ঘটনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জেরে রামাস্বামী কোনও নৈতিক সীমা মানছেন না বলে মন্তব্য করেন ওবামা।