দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর

বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি-সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৩০ অক্টোবর (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

বাংলাদেশ থেকে জাপানে ১ লাখ কর্মী নেওয়ার খবর, টোকিও বলছে ভিন্ন কথা; হিমবাহের হ্রদ ফেটে ভুটানে বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামের ৫ জেলায় রেড অ্যালার্ট; দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া, এক মাসেই মৃত্যু সাড়ে তিন হাজারের বেশি; বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম; সিইসির ‘গণ-অভিসংশন’ আন্দোলন পিছিয়ে দিলো ইন্ডিয়া জোট; ইউক্রেনে রুশ হামলায় একদিনে নিহত ২০-এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।

বাংলাদেশ থেকে জাপান সরকার বছরে ১ লাখ কর্মী নেবে বলে দেশের কিছু সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তা নাকচ করেছে।

ভুটানে হিমবাহের হ্রদ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌরবিদ্যুৎচালিত একটি সেচ প্রকল্প। বন্যার পানির সঙ্গে ভেসে আসা ধ্বংসাবশেষ জমে বন্ধ হয়ে গেছে একটি মহাসড়কের অংশ। তবে এখন পর্যন্ত দেশটিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, এই বন্যায় ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের কয়েকটি এলাকায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ভুটান থেকে নেমে আসা পানির ঢলে সংকোশ নদীর পানির স্তর দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কায় এ সতর্কতা জারি করে ভারতীয় কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বরে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ ওই মাসে অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুতে শ্বাস নিয়েছেন। হেলসিংকিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

শুক্রবারও (৩০ অক্টোবর) তেলের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। টানা চতুর্থ মাসের মতো মাসিক ভিত্তিতে দাম বাড়ার পথে রয়েছে। হরমুজ প্রণালিতে কয়েকটি ট্যাংকারে মাইন আঘাত করেছে বলে খবর আসার পর এ বাড়তি দাম দেখা গেছে। এতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত অষ্টম মাসে পড়ার মধ্যে সরবরাহ ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের প্রস্তাবিত ‘গণ-ইমপিচমেন্ট’ কর্মসূচি একদিন পিছিয়ে দিয়েছে ইন্ডিয়া জোট। রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির কারণ দেখিয়ে শুক্রবার (৩০ অক্টোবর) লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এ ঘোষণা দেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দিল্লির বাসভবনে বিকাল ৪টায় কর্মসূচিটি হওয়ার কথা ছিল। এখন শনিবার একই সময়ে তা অনুষ্ঠিত হবে।

ইউক্রেনের দিনিপ্রো শহরের একটি জনাকীর্ণ রেলস্টেশনে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঘটে যাওয়া এই হামলায় এছাড়া অন্যান্য প্রাদেশিক শহরে দিনের বেলায় হামলায় আরও পাঁচজন এবং রাজধানী কিয়েভে গভীর রাতের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।