রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত

মায়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে গাম্বিয়ার দায়ের করা ঐতিহাসিক মামলার চূড়ান্ত রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। হেগ-ভিত্তিক এই সর্বোচ্চ আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ সংক্রান্ত একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১৭ সালের আগস্টে মায়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড, গণধর্ষণ এবং অগ্নিকাণ্ডের মতো নৃশংস অভিযান চালায়। প্রাণ বাঁচাতে ওই সময় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। পরবর্তী সময়ে ২০১৯ সালের নভেম্বরে আফ্রিকার দেশ গাম্বিয়া মায়ানমারের বিরুদ্ধে ‘জেনোসাইড কনভেনশন’ লঙ্ঘনের অভিযোগ এনে আইসিজে-তে মামলাটি দায়ের করে। এটি কোনও একক ব্যক্তির বিচার নয়, বরং রাষ্ট্র হিসেবে মায়ানমারের অপরাধ ও দায়বদ্ধতা নির্ধারণের আইনি প্রক্রিয়া।

হিউম্যান রাইটস ওয়াচের জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিচারবিষয়ক কাউন্সিলর মারিয়া এলেনা ভিগনোলি বলেন, ‘আইসিজে-র এই রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে এটি বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে যে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন এখনও থামেনি এবং তাদের নিরাপদ ও সেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মানবাধিকারকামী দেশগুলোকে এখনই জোরালো পদক্ষেপ নিতে হবে।’ 

আইসিজে-র এই রায়টি হবে চূড়ান্ত এবং এই রায়ের বিরুদ্ধে কোনও আপিল করার সুযোগ থাকবে না। এর মাধ্যমে আন্তর্জাতিক আদালতে দীর্ঘ সাত বছর ধরে চলা এই ঐতিহাসিক মামলার আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার সমাপ্তি ঘটবে।