যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশটির সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এই আকস্মিক পদক্ষেপে দেশজুড়ে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে। রয়টার্স। 

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর তথ্য অনুযায়ী, এফএএ-এর এই জরুরি নির্দেশের ফলে আকাশে থাকা উড়োজাহাজগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে পারলেও নতুন কোনো ফ্লাইট বিমানবন্দর ছাড়তে পারছে না।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, এয়ার রুট ট্রাফিক কন্ট্রোল কেন্দ্রগুলোর যোগাযোগ জটিলতার কারণে এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এফএএ-এর শীর্ষ প্রযুক্তিবিদেরা দ্রুত ত্রুটি সমাধানে কাজ করছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই নতুন আপডেট জানানো হবে। এর আগে শিকাগো বিমানবন্দর থেকেও একই ধরনের যোগাযোগগত সমস্যার কারণে ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল।

মার্কিন এভিয়েশন খাতে দীর্ঘদিন ধরেই পুরোনো প্রযুক্তি, সরঞ্জামের ঘাটতি এবং দক্ষ নিয়ন্ত্রণকর্মীর সংকট রয়েছে। এই ভঙ্গুর অবকাঠামো আধুনিকায়ন করতে গত বছর কংগ্রেস ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিলেও শুক্রবার এফএএ এবং হোয়াইট হাউস আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের বড় বাজেট সহায়তা চেয়েছে।