নিজের পাঁচ সন্তানকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সঙ্গীর ওপর দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর দায়ে যুক্তরাজ্যে এক যুবককে ১৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অ্যারন রেজিসের বয়স ২৭ বছর। পেশায় ডিজে অ্যারন কেন্টের র্যামসগেট এলাকার বাসিন্দা।
গত ১১ নভেম্বর ক্যান্টারবেরি ক্রাউন কোর্টে এ মামলার রায় ঘোষণা করা হয়। ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সঙ্গী কেলি স্টিলারের ওপর নিয়ন্ত্রণমূলক ও নির্যাতনমূলক আচরণের দায় স্বীকার করেন অ্যারন।
রায় ঘোষণার সময় বিচারক সাইমন টেলর কেসি বলেন, নিজের সন্তানদের যেভাবে নির্মমভাবে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, তাতে আসামিকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না।
আদালতের নথি অনুযায়ী, কেলি স্টিলার শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক এবং অ্যারন রেজিস দক্ষিণ-পূর্ব এশীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। মার্লো একাডেমিতে পড়ার সময় তাদের পরিচয় হলেও ২০২১ সালের আগস্টে একটি অনুষ্ঠানে পুনরায় যোগাযোগ হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
কেলি জানান, সম্পর্কের শুরুতে অ্যারন তাকে বিশেষ গুরুত্ব দিতেন। কিন্তু প্রথম সন্তানের গর্ভধারণের পর থেকেই তার আচরণে পরিবর্তন আসে। শুরু হয় সন্দেহ ও নিয়ন্ত্রণের চেষ্টা। অ্যারন নিয়মিত কেলির চরিত্র নিয়ে সন্দেহ করতেন, মোবাইল ফোন তল্লাশি করতেন এবং বাইরে থাকলে কোথায় আছেন, তার প্রমাণ হিসেবে ছবি পাঠাতে বাধ্য করতেন।
বন্ধুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া, অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করতে না দেওয়া এবং নিয়মিত টাকার জন্য চাপ দেওয়ার মাধ্যমে কেলিকে অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন অ্যারন। এতে কেলি মানসিক চাপে সব সময় আতঙ্কে থাকতেন এবং নিজের দুর্ভাগ্যের জন্য নিজেকেই দায়ী করতে শুরু করেন।
মানসিক নির্যাতনের পাশাপাশি কেলির ওপর শারীরিক হামলাও চালাতেন অ্যারন। ২০২৪ সালের জুনে নিজের জিনিসপত্র আনতে অ্যারনের বাসায় গেলে তিনি কোনো কারণ ছাড়াই ক্ষিপ্ত হয়ে কেলিকে ওয়ার্ডরোবের সঙ্গে চেপে ধরেন এবং মুখে একের পর এক ঘুষি মারেন। রক্তাক্ত অবস্থায় কেলি পালানোর সময় অ্যারন তাকে ‘অযোগ্য মা’ বলে গালি দেন এবং তার মৃত্যু কামনা করেন।
একই বছরের ২৬ ডিসেম্বর, বক্সিং ডে ও অ্যারনের জন্মদিনে মদ ও কোকেন সেবনের পর কেলির ওপর হামলা চালান তিনি। বন্ধুদের হস্তক্ষেপে সেদিন রক্ষা পান কেলি। ২০২৫ সালের শুরুর দিকে অ্যারন হুমকিমূলক বার্তা পাঠিয়ে জানান, তিনি তাদের সন্তানদের ছবি ছিঁড়ে ফেলেছেন। কেলি মারা গেলেও তার কিছু যায় আসে না বলেও বার্তায় উল্লেখ করেন।
নির্যাতনের আরেকটি ঘটনা ঘটে ২০২৫ সালের ৭ এপ্রিল। সেদিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে কেলিকে গালিগালাজ করেন অ্যারন এবং তার গায়ে টাকা ছুড়ে মারেন। চিৎকার-চেঁচামেচিতে তাদের ছোট সন্তানরা ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে পড়ে। কেলি ভীতসন্ত্রস্ত শিশুদের কোলে আগলে রাখার সময় সবার সামনে তার পোশাক টেনে খুলে ফেলেন অ্যারন। এরপর মাথা দিয়ে সজোরে কেলির নাকে আঘাত করেন। এতে তার নাক ভেঙে যাওয়ার উপক্রম হয়। কোলে থাকা শিশুর নিরাপত্তা নিয়েও আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
চিৎকার শুনে প্রতিবেশীরা পাঁচবার পুলিশে ফোন করেন। পুলিশ আসার আগে রান্নাঘরের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হন অ্যারন। পরে তাকে গ্রেফতার করা হয়।
মামলার কৌঁসুলি ক্যারোলিন নাইট আদালতকে জানান, পুলিশ কর্মকর্তা কেলিকে নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর তিনি দীর্ঘদিনের নির্যাতনের প্রমাণ হিসেবে অ্যারনের পাঠানো হুমকিমূলক বার্তাগুলো পুলিশের হাতে তুলে দেন। কেলি জানান, পুলিশের কাছে সব ঘটনা খুলে বলার পর তার বুক থেকে যেন বড় একটি পাথর নেমে যায়।
সাজা ঘোষণার শুনানিতে অ্যারনের আইনজীবী অলিভার কেলম্যান তার শৈশবের মানসিক আঘাত, বিষণ্ণতা, স্বজন হারানোর বেদনা এবং মাদক ছাড়ার চেষ্টার কথা তুলে ধরেন। তিনি কারাদণ্ডের পরিবর্তে স্থগিত দণ্ডের আবেদন জানান। তবে বিচারক সেই আবেদন নাকচ করেন।
প্রাক্-সাজা প্রতিবেদনে অ্যারনকে পরিচিত প্রাপ্তবয়স্কদের পাশাপাশি তার পাঁচ সন্তান ও ভবিষ্যৎ সঙ্গীদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
বিচারক অ্যারনকে উদ্দেশ করে বলেন, ‘এই মামলার সবচেয়ে জঘন্য দিক এটি নয় যে আপনি সন্তানদের সামনে অপরাধগুলো করেছেন; বরং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, আপনি নিষ্পাপ শিশুদের এই নির্যাতনে জড়িয়েছেন এবং ভুক্তভোগীকে মানসিকভাবে ধ্বংস করার হাতিয়ার হিসেবে তাদের ব্যবহার করেছেন। নিজের নিষ্ঠুর ও অনৈতিক উদ্দেশ্য হাসিল করতে গিয়ে আপনি নিজের সন্তানদেরও শিকারে পরিণত করেছেন।’
অপরাধ স্বীকার করায় অ্যারনের সাজা ২০ শতাংশ কমানো হয়। তাকে ১৯ মাসের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি আগামী পাঁচ বছর কেলির সঙ্গে যেকোনও ধরনের যোগাযোগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বিশ্লেষক ও সমাজকর্মীদের মতে, অ্যারনের ঘটনা একক হলেও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত অনেক পরিবারের গভীরে থাকা কিছু সামাজিক সমস্যার প্রতিফলন। পিতৃতান্ত্রিক আধিপত্য, যেকোনও মূল্যে সংসার টিকিয়ে রাখার সামাজিক চাপ এবং বিচ্ছেদ বা মানসিক স্বাস্থ্য নিয়ে লোকলজ্জার ভয় অনেক সময় নির্যাতনকারীদের রক্ষা করে। নীরবতা ও সামাজিক লজ্জার কারণে নারী নির্যাতনের পাশাপাশি শিশুদের শৈশব ও মানসিক বিকাশেও দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। তাদের মতে, পারিবারিক সুনাম রক্ষার চেয়ে নারী ও শিশুর নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত।
আদালতের রায়ের পরও নির্যাতনের স্মৃতি তাড়া করে ফিরছে কেলি স্টিলারকে। সেই অভিজ্ঞতা কাটিয়ে নতুন করে জীবন শুরু করতে নিজের ফ্ল্যাটটি নতুনভাবে সাজাচ্ছেন তিনি। বর্তমানে নতুন সম্পর্কে জড়ালেও অতীতের আতঙ্ক থেকে পুরোপুরি বের হতে পারেননি। তার এক সন্তান মাঝেমধ্যে বাবার কাছ থেকে শেখা কটু কথাগুলো বলে ফেলে। বুঝিয়ে বলার পর অবশ্য সে ক্ষমা চায়।
নিজের অভিজ্ঞতা প্রকাশ করে অন্য নির্যাতিত নারীদের সাহস জোগাতে চান কেলি। তিনি বলেন, ‘আপনি নিজেই নিজের জন্য যথেষ্ট শক্তিশালী। কঠিন সময়ে হয়তো তা মনে হয় না, কিন্তু জীবন আপনার সামনে যা-ই ছুড়ে দিক না কেন, নিজের কণ্ঠস্বর তুলে ধরার শক্তি আপনার আছে। সব সময় মনে রাখবেন, আপনার কথার মূল্য আছে।’