মস্তিষ্কের কর্মপদ্ধতি জানতে দালির চিত্রকর্ম!

মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি জানতে সুরিয়ালিস্ট ধারার শিল্পী সালভাদর দালির চিত্রকর্ম ব্যবহার করেছেন গ্লাসগো ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। মস্তিষ্ক কী করে তথ্যের অর্থ উদ্ধার করে তা জানতে এই গবেষণাটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

গ্লাসগো স্কুল অব সাইকোলজির প্রফেসর ফিলিপ শিনসের নেতৃত্বে গবেষণাটি পরিচালনা করেছেন মনোবিজ্ঞানীরা। প্রফেসর শিনস বলেন, ‘আমাদের আগ্রহের প্রধান জায়গা ছিল মস্তিষ্ক কী করে তথ্যের অর্থ উদ্ধার করার প্রক্রিয়াটি সম্পন্ন করে তা জানা। আমরা সাধারণত মস্তিষ্কের সিগন্যাল পর্যবেক্ষণ করি। কিন্তু সেই সিগন্যাল পেয়ে মস্তিষ্ক কেমন করে তার অর্থ উদ্ধার করে সে বিষয়টি এবার জানা যাবে।’

স্লেভ মার্কেট উইথ দ্য ডিসঅ্যাপেয়ারিং বাস্ট অব ভলতেয়ার

মানুষের চোখ কী করে মস্তিষ্ককে সিগন্যাল পাঠায় এবং মস্তিষ্ক কী করে সিগন্যাল ফেরত পাঠায় তা জানতে ১৫ বছর ধরে গবেষণা করছেন প্রফেসর শিনস।

এই প্রক্রিয়া জানতে দালির আঁকা ‘স্লেভ মার্কেট উইথ দ্য ডিসঅ্যাপেয়ারিং বাস্ট অব ভলতেয়ার’ নামের একটি চিত্রকর্মকে ব্যবহার করেছেন বিজ্ঞানীরা।গবেষণায় এই ছবিটি দেখতে দেওয়া হয়। ছবিটিতে ভলতেয়ারের দুই চোখ আঁকা হয়েছে দুইজন নানের মাথা দিয়ে। সেই চোখের মধ্যে নানের মাথা খুঁজে পেতে কতক্ষণ সময় লাগে তার ওপর ভিত্তি করে বের করা হয়েছে সিগন্যাল প্রেরণের পদ্ধতি।

আরও পড়ুনঃ ‘জনস্বাস্থ্যে বিপত্তির অন্যতম কারণ পর্নোগ্রাফি’ 

প্রফেসর শিনস আরও জানান, এই গবেষণা মস্তিষ্ক নিয়ে মূলধারার গবেষণাতেও কাজে লাগতে পারে। স্ট্রোকের মত ঘটনার ক্ষেত্রে মস্তিষ্কের সিগন্যাল আদানপ্রদানে কোথায় কিভাবে সমস্যা হয় তাও হয়তো জানা যাবে তবে তার জন্য আরও ব্যপক গবেষণা প্রয়োজন হবে বলে মনে করেন প্রফেসর শিনস।

সূত্রঃবিবিসি

/ইউআর/