কঙ্গোতে ১৬ গ্রামবাসীকে কুপিয়ে হত্যা


আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে একটি গ্রামে ১৬ ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের সবাই বেসামরিক ব্যক্তি। দুর্বৃত্তরা রাম দা হাতে মঙ্গলবার রাতের আঁধারে এ হামলা চালায়। বুধবার জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বার্নার্ড আমিসি কালন্দা জানান, কিভু প্রদেশের উত্তরাঞ্চলের বেনি এলাকায় এ নৃশংস হামলা হয়। এলাকাটিতে এর আগেও এরকম নৃশংস হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা সেনাদের চৌকি এড়িয়ে গ্রামে প্রবেশ করে। এরপর গ্রামের লোকদের ঘরে গিয়ে তাদের গলা কেটে হত্যা করে নীরবে চলে যায়।  বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমার সামনেই ১৬টি লাশ রয়েছে। রাম দা অথবা কুড়াল দিয়ে কুপিয়ে তাদের হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: মৃত মানুষকে ফিরিয়ে আনবে নতুন প্রযুক্তি!
হামলাকারীদের বিষয়ে বিস্তারিত তিনি জানাতে পারেননি। তবে ওই এলাকায় উগান্ডার বিদ্রোহী সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ) দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে।
কঙ্গোতে জাতিসংঘের মিনুস্কা মিশনের সামরিক প্রধান জেনারেল জিন বেইলাউ জানিয়েছেন নিহতের সংখ্যা ১৭।

আরও পড়ুন: মেসির নাম লেখা জার্সি নিয়ে বিপাকে আফগান পরিবার
২০১৪ সাল থেকে এ পর্যন্ত কঙ্গোর বেনি এলাকায় এডিএফের নৃশংস হামলায় প্রায় ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। সূত্র: এএফপি।
/এএ/