কঙ্গোতে ভূমিধসে নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে

b2989f883b8f416486bbd293e167dcac_18ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। শনিবার কর্মকর্তারা নিহতের এই সংখ্যার কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বিষয়টি জানা গেছে।

ইটুরি প্রদেশের লেক আলবার্ট তীরের এক গ্রামে বুধবার এই ভূমিধসের ঘটনা ঘটে।

ইটুরি প্রদেশের গভর্নর আব্দালাহ পেনে মবাকা জানান, টোরা গ্রামে নিখোঁজ মানুষ ও বাড়িঘর ধ্বংসের ওপর ভিত্তি করে নিহতের এই সংখ্যা অনুমান করা হয়েছে। বুধবারের ভূমিধসে ৫০টি বাড়ি ধ্বংস হয়ে যায়।

জরুরি ভিত্তিতে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন গভর্নর।

এর আগে শুক্রবার ডেপুটি গভর্নর প্যাসিফিক কেটা আল জাজিরাকে নিশ্চিত করেছিলেন ৬০টি মরদেহ দাফন করা হয়েছে। ঘটনাস্থলে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, অনেক মানুষ পানিতে তলিয়ে গেছেন যাদের আমরা উদ্ধার করতে পারিনি। উদ্ধারকাজটি জটিল হয়ে পড়েছে। কারণ সবদিকেই পাহাড় রয়েছে। ফলে যাতায়াত করা মুশকিল।

জাতিসংঘের মানবিক সহযোগিতার একটি দল ক্ষয়ক্ষতি নিরুপণ করার চেষ্টা করছে।

সিয়েরা লিওনে কাদামাটি চাপায় চার শতাধিক মানুষ নিহত হওয়ার দুই দিন পর কঙ্গোতে এই বিপর্যয় ঘটলো। এর আগে ২০১০ সালে কঙ্গোর একটি গ্রামে কাদামাটি চাপায় অনেকেই নিহত হয়েছিলেন। সূত্র: আল জাজিরা।

/এএ/