জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে হাঁটতে পারছেন না। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাওয়া এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে বিষয়টি জানা গেছে।
প্রেসিডেন্ট জানান, শারীরিক অসুস্থতার কারণে ৯৪ বছর বয়সী মুগাবে হাঁটাচলা করতে পারছেন না। চিকিৎসার জন্য গত দুই মাস ধরে সিঙ্গাপুরে রয়েছেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে মুগাবে কোন রোগের চিকিৎসা নিচ্ছেন তা জানাননি বর্তমান প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট হিসেবে জিম্বাবুয়ের ক্ষমতায় থাকার শেষ সময়ে চিকিৎসার জন্য বেশ কয়েকবার বিদেশ সফর করেছেন মুগাবে।
২০১৭ সালে সেনাবাহিনীর হস্তক্ষেপে মুগাবেকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করেন এমারসন। স্বাধীন হওয়ার পর থেকে জিম্বাবুয়ের ক্ষমতায় ৩৭ বছর ছিলেন মুগাবে। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে প্রেসিডেন্ট হিসেবে তিনি ক্ষমতায় ছিলেন।
সংখ্যালঘু শ্বেতাঙ্গদের কাছ থেকে জিম্বাবুয়ের স্বাধীনতার জন্য আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন মুগাবে। সরকার তার চিকিৎসার ব্যয় বহন করছে।
সাবেক এই প্রেসিডেন্টের জন্ম শহরে এক সমাবেশে প্রেসিডেন্ট নাঙ্গাওয়া বলেন, তিনি এখন বৃদ্ধ। অবশ্যই তিনি এখন হাঁটতে পারছেন না। কিন্তু তিনি যা চাইবেন তা দেওয়া হবে।
ক্ষমতায় থাকার সময় কর্মকর্তারা জানিয়েছিলেন, মুগাবের চোখের সমস্যার চিকিৎসা করা হচ্ছে। এই সময় গুজব রটেছিল তার ক্যান্সার হয়েছে।
নাঙ্গাওয়া বলেন, হাঁটতে না পারলেও এখন তিনি এখন আগের চেয়ে সুস্থবোধ করছেন। আগামী সপ্তাহে তিনি দেশে ফিরতে পারেন। আমরা তার যত্ন নিচ্ছি। তিনি আমাদের জিম্বাবুয়ের জাতির পিতা। তিনি আমাদের স্বাধীন জিম্বাবুয়ের জাতির পিতা।