সাক্ষাৎকার দিয়ে পরে তা প্রকাশে আপত্তি মিসরের প্রেসিডেন্ট সিসির

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসকে সাক্ষাৎকার দিয়ে পরে তা প্রচার করতে নিষেধ করেছেন। সাক্ষাৎকারে এমন কিছু অংশ আছে, যা পরে মিসরের কাছে আপত্তিকর মনে হয়েছে। মিসরে ‘রাজনৈতিক কারণে কাউকে আটক করে রাখা হয়নি’ এবং ‘ইসরায়েলে সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে’, এরকম কথা সাক্ষাৎকারে বলেছিলেন সিসি। এসব বক্তব্য থাকা সাক্ষাৎকারটি প্রচার না করতে মিসরের তরফ থেকে যোগাযোগ করা হয় সিবিএসের সঙ্গে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাক্ষাৎকার প্রচার বন্ধ করা তো দূরে থাক, সিবিএস টেলিভিশন চ্যানেল উল্টো নির্দিষ্ট কিছু অংশ বিশেষ অনুষ্ঠান হিসেবে প্রচার করতে যাচ্ছে।

download টেলিভিশন চ্যানেল সিবিএসের একটি অনুষ্ঠানের নাম ‘সিক্সটি মিনিটস।’ সেই অনুষ্ঠানের জন্য মিসরের প্রেসিডেন্ট সিসির সাক্ষাৎকার নিয়েছিলেন স্কট পেলি। তাকে সিসি বলেছিলেন, ‘মিসরে কোনও রাজবন্দি নেই। আমরা জঙ্গিদের বিরুদ্ধে দাঁড়াবার চেষ্টা করছি, যারা মানুষের ওপর তাদের মতামত চাপিয়ে দিতে চায়। তাদেরকে এখন বিচারের প্রক্রিয়ায় রাখা হয়েছে। বিচার শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু বিচার আইনানুগভাবেই হবে।’

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে মিসরে ষাট হাজার রাজবন্দি রয়েছে। এ বিষয়ে সিসির কাছে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি জানি না তারা এই সংখ্যাটি কোথা থেকে পেয়েছেন।’ সাবেক একজন বন্দির সাক্ষাৎকার থেকে জানা গেছে, মিসরের কারাগারগুলোতে বন্দিদের যেমন তাদের ঠাসাঠাসি করে রাখা হয়, তেমন চালানো হয় নির্যাতন। হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটে।

মিসরের প্রেসিডেন্ট স্বীকার করেছেন, দেশটির সেনাবাহিনী সেনাবাহিনীর সঙ্গে ইসরাইলের গভীর সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সিনাই উপদ্বীপে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে চলা যুদ্ধে ইসরাইলের সঙ্গে কাজ করছে মিসরের সেনাবাহিনী। তার ভাষ্য, ‘এটা ঠিক যে ইসরায়েলের সঙ্গে আমাদের বহু বিষয়ে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে।’

সিবিএসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মিসরের রাষ্ট্রদূত টেলিভিশন চ্যানেলটির সাথে যোগাযোগ করে ওই সাক্ষাৎকারটি প্রচার করতে নিষেধ করেছেন।’ আপত্তি জানানোর পরে সিবিএস নতুন সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষাৎকারের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠান প্রচার করতে যাচ্ছে তারা। বিশেষ অনুষ্ঠানটির বিষয়ে সিবিএসের মন্তব্য, এটা হচ্ছে ‘সেই সাক্ষাৎকার, যা মিসরের সরকার টেলিভিশনে প্রচারিত হতে দিতে চায় না।’