দক্ষিণ আফ্রিকার সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ফ্রেডেরিক উইলিয়াম ডি ক্লার্ক মারা গেছেন। বৃহস্পতিবার কেপ টাউনে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সঙ্গে ডি ক্লার্ক যৌথভাবে নোবেল পুরস্কার পান। তবে গণতন্ত্রে রূপান্তরে তার ভূমিকা সবসময় বিতর্কিত ছিল।
ডি ক্লার্ক ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে কেপ টাউনে নিজ বাড়িতে মারা গেছেন দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট। ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে তার।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি স্ত্রী এলিটা, সন্তান জ্যান ও সুসানকে রেখে মারা গেছেন।
১৯৩৬ সালে জোহানেসবার্গে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে ন্যাশনাল পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি আইনজীবী ও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।