উগান্ডায় জোড়া বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

উগান্ডার রাজধানী কাম্পালায় জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। মঙ্গলবারের ওই বিস্ফোরণে তিন আত্মঘাতীসহ অন্তত ছয় জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছে।

পার্লামেন্ট ভবনের কাছে একটি এবং পুলিশ সদর দফতরের কাছে অপর বিস্ফোরণটি ঘটানো হয়। পরে আইএসের বার্তা সংস্থা আমাক-এর টেলিগ্রাম চ্যানেলে এর দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠীটি।

দায় স্বীকারের আগে উগান্ডা পুলিশের পক্ষ থেকেও আইএসের সঙ্গে সম্পর্কিত একটি গোষ্ঠীকে ওই হামলার জন্য দায়ী করা হয়। আরও হামলার আশঙ্কায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগেও বিভিন্ন সময়ে বোমা হামলার জন্য জঙ্গিদের দায়ী করেছে উগান্ডার কর্তৃপক্ষ। আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর অংশ হয়ে দেশটির সেনাসদস্যরা সোমালিয়ায় আল-শাবাব জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে।

গত মাসে কাম্পালার একটি বারে বোমা হামলায় ২০ বছরের এক ওয়েটারের মৃত্যুর ঘটনাতেও দায় স্বীকার করে আইএস। মঙ্গলবারের বিস্ফোরণের পর দেশটির পার্লামেন্ট অধিবেশন স্থগিত করা হয়েছে। আইনপ্রণেতাদের পার্লামেন্টে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি।