বুরুন্ডিতে ৫ গণকবরের সন্ধান পাওয়ার দাবি অ্যামনেস্টির

Burundi crisisপূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির রাজধানী বুজুম্বুরার কাছে সম্ভাব্য পাঁচটি গণকবরের সন্ধান পাওয়ার দাবি করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৫ সালের ডিসেম্বরে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কয়েকশ মানুষকে খুন করে বলে অভিযোগ রয়েছে।
রাজধানী বুজুম্বুরার বুরিঙ্গা এলাকা থেকে স্যাটলাইটের মাধ্যমে এসব গণকবরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে অ্যামনেস্টি।
পূর্ব আফ্রিকায় অ্যামনেস্টির আঞ্চলিক পরিচালক মুথোনি ওয়ানিকি বলেন, দেশটির কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে তাদের নিরাপত্তা বাহিনীর হাতে সংঘটিত এসব হত্যাকাণ্ড চাপা দিতে চাইছে। তারা সত্য প্রকাশকে নিবৃত্ত করতে চাইছে।
এদিকে বুরুন্ডির পুলিশ জানিয়েছে, দেশটির বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় দুই বিদেশি সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে।

২০১৫ সালের এপ্রিলে বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে এনকুরুনজিজা তৃতীয় দফায় ক্ষমতা আঁকড়ে থাকতে চাইলে দেশটিতে জাতিগত সহিংসতা শুরু হয়।

জাতিসংঘের হিসাবে, সরকার ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে বুরুন্ডিতে এখন পর্যন্ত ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। শুধু গত ডিসেম্বরে নিহত হন অন্তত ৮৭ জন। আর দেশ ছেড়ে পালিয়েছেন ২ লাখ ৪০ হাজার মানুষ।

সংকট নিরসনে বুরুন্ডিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের সহায়তা চায় আফ্রিকান ইউনিয়ন (এইউ)। তবে প্রেসিডেন্ট এনকুরুনজিজা এর বিরোধিতা করছেন। সূত্র: বিবিসি।

/এমপি/