বাজুমকে মুক্ত করতে হামলার পরিকল্পনা করছে ফ্রান্স: নাইজার জান্তা

সামরিক অভ্যুত্থানে উৎখাত হওয়া নাইজারের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে মুক্ত করতে হামলার পরিকল্পনা করছে ফ্রান্স। সোমবার ক্ষমতাগ্রহণকারী সামরিক জান্তা অভিযোগ করেছে, উৎখাত হওয়া সরকার প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়ে বাজুমকে মুক্ত করতে ফ্রান্সকে অনুমোদন দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার থেকে প্রেসিডেন্ট প্রাসাদে বাজুমকে ঘিরে রেখেছে সামরিক জান্তা। এর আগে তাকে মুক্ত করতে যেকোনও বিদেশি চেষ্টার বিরুদ্ধে কঠোর ভাষায় হুঁশিয়ারি জানিয়েছিল তারা। বলেছিল, এতে রক্তপাত ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

ফ্রান্সের হামলার পরিকল্পনার দাবি করেছেন সেনাবাহিনীর কর্নেল আমাদু আব্দরামানি। তিনি অভ্যুত্থানকারী নেতাদের একজন। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালনকারী নাইজারের পররাষ্ট্রমন্ত্রী হিসোমি মাসুদু এই হামলার অনুমোদন দিয়েছেন।

রয়টার্সের পক্ষ থেকে মাসুদুর মন্তব্য চাওয়ার  জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি। ফ্রান্স এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে এবং বলেছে, বাজুমকে ক্ষমতায় ফেরানো উচিত। তবে সামরিক হস্তক্ষেপের কোনও ঘোষণা তারা দেয়নি। নাইজার জান্তার অভিযোগের বিষয়েও সোমবার তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

নাইজারের আগে গত দুই বছরে মালি ও বুরকিনা ফাসোতে সামরিক অভ্যুত্থান হয়েছে। তিনটি দেশেই ফরাসিবিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে।

অঞ্চলটিতে দীর্ঘ দিন ধরে ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা ও সেনা মোতায়েন রেখেছিল ফ্রান্স। কিন্তু স্থানীয় অনেকেই চান সাবেক উপনিবেশিক শাসকরা তাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুক।