সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ নভেম্বর) ওয়াশিংটন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম দারফুরে মানবাধিকার লঙ্ঘনে সংশ্লিষ্টতার অভিযোগে আরএসএফ কমান্ডার আবদেল রহমান জুমা বারকল্লার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আবদেল রহমান জুমা বারকল্লা পশ্চিম দারফুরে আরএসএফের অভিযান পরিচালনা করেন। তিনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত। সেখানে বেসামরিক মানুষকে লক্ষ্য করে সহিংসতা, সংঘাত-সম্পর্কিত যৌন সহিংসতা এবং জাতিগতভাবে উদ্দীপ্ত হামলার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে বারকল্লার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই পদক্ষেপ সুদানের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ চাপ প্রয়োগের পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০২৩ সালের এপ্রিলে পরিকল্পিত বেসামরিক শাসনে উত্তরণের আগে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব থেকে এই যুদ্ধের সূত্রপাত ঘটে।
অর্থ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি ফর টেররিজম অ্যান্ড ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ব্র্যাডলি স্মিথ বিবৃতিতে বলেন, আজকের এই পদক্ষেপটি আমাদের অঙ্গীকারকে শক্তিশালী করছে। যারা সুদানে ঝুঁকিপূর্ণ বেসামরিক জনগোষ্ঠীর বিরুদ্ধে এ ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডের সহায়তা করছে তাদের আমরা জবাবদিহির আওতায় আনব।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতের অবসানে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং উভয় পক্ষকে শান্তি আলোচনায় অংশ নিতে ও সুদানের সব বেসামরিক নাগরিকের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে।