নাইজেরিয়ায় ২০০ মার্কিন সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে নাইজেরিয়ার সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে প্রায় ২০০ জন মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে পাঠানো সেনারা নাইজেরিয়ায় আগে থেকেই থাকা সীমিতসংখ্যক মার্কিন সেনার সঙ্গে যুক্ত হয়ে স্থানীয় নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেবে।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) বিরুদ্ধে  বিমান হামলার পর এই উদ্যোগ নেওয়া হলো।

এ বিষয়ে ইউএস আফ্রিকা কমান্ড (আফ্রিকম) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা একটি ছোট দল নাইজেরিয়ায় পাঠিয়েছে, তবে সংখ্যার বিস্তারিত জানানো হয়নি। এটি ছিল বড়দিনে বিমান হামলার পর নাইজেরিয়ায় স্থলভাগে মার্কিন সেনা উপস্থিতির প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি।

সম্প্রতি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে নাইজেরিয়ায় আরও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রদেশ (আইএসডব্লিউএপি) সম্প্রতি সময়ে সামরিক বহর এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলা বাড়িয়েছে। খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থতার অভিযোগে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার ওপর চাপ বাড়ালেও দেশটির সরকার বলছে, তারা কোনও ধর্মকে লক্ষ্য করে নয়; বরং খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের ওপর জঙ্গিরা হামলা চালিয়েছে।