দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বাহিরে একটি টাউনশিপে পানশালায় বন্দুক হামলায় ১৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়েডেলা এলাকায় এ হামলার পর রবিবার হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আট জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পানশালার বাহিরে বসে মদ পান করা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পানশালার ভেতরে ঢুকে সেখানে থাকা লোকজনের ওপরও গুলি চালায়। পুলিশের ধারণা, হামলাকারীদের কাছে পিস্তল ও একে-৪৭ রাইফেল ছিল। গুলিবিদ্ধ ১৫ জনকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হামলাকারীরা পালিয়ে যাওয়ার আগে কয়েক জনের দেহ তল্লাশি করে মোবাইল ফোন নিয়ে যায়। এরপর দুটি অজ্ঞাত গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
দক্ষিণ আফ্রিকায় এ ধরনের বন্দুক হামলা নতুন নয়। গত সপ্তাহে ডারবানের দক্ষিণে একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীসহ ১১ জন নিহত হন। জুনে জোহানেসবার্গের একটি শহরতলির অনানুষ্ঠানিক বসতিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হন। পুলিশের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে ৫৮ জন হত্যার শিকার হয়েছেন।