মেক্সিকোয় শিক্ষকদের বিক্ষোভ: পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে নিহত ৬

nonameমেক্সিকোর দক্ষিণাঞ্চলে কয়েক হাজার শিক্ষকের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে অন্তত ৬ জন ও পুলিশসহ শতাধিক আহত হয়েছেন। রবিবার ওয়াক্সা রাজ্যের আসুনসিওন নোচিক্সতান শহরে সড়ক অবরোধ করে শিক্ষকরা বিক্ষোভ করেন। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করলে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।

বিবিসির খবরে বলা হয়েছে, আন্দোলনকারীরা দাবি করেছেন বিক্ষোভ দমনে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। তবে কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছে।সংঘর্ষের সময় বেশ কয়েকটি যানবাহনে আগুনও ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বলে যে খবর প্রকাশিত হয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স কোঅর্ডিনেশন (সিএনটিই) ইউনিয়ন এর নেতৃত্বে ওয়াক্সাকায় কয়েকদিন ধরেই শিক্ষকদের আন্দোলন চলছে।দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর ২০১৩ সালে প্রণীত শিক্ষা সংস্কারের প্রতিবাদে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কর্মসূচিতে শিক্ষকদের কর্মক্ষমতা যাচাই করার কথা বলা হয়েছে।

noname

সম্প্রতি দুর্নীতির অভিযোগে পুলিশ ইউনিয়নের দুই নেতাকে গ্রেফতার করলে এর প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। সিএনটিই’র দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির মিথ্যে অভিযোগে।

ওয়াক্সাকার স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মৃতদেহ শনাক্ত করা হয়নি। এছাড়া আরও শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্যারামেডিকসরা বলেন, নিহত ছয় জনের দেহে গুলির জখম রয়েছে।এদের মধ্যে একজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক। প্রাপ্ত বয়স্কদের বয়স ২৩ বছর ও ২৮ বছর। আহতদের অনেককেই হাসপাতালে পাঠানোর আগে শহরের চার্চে নিয়ে যাওয়া হয়।আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় ২১ ফেডারেল পুলিশ আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। মেক্সিকোর গণমাধ্যমগুলোতে প্রকাশিত পুলিশের রাইফেল ও হ্যান্ডগান ধরা ছবিগুলো ‘সম্পূর্ণ মিথ্যা’।

এক পৌরসভা পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, নগরীর পৌরভবনে একটি আগুন বোমা নিক্ষেপ করা হয়। অপর কর্মকর্তা বলেন, এই ঘটনায় ৩০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/