‘অ্যামাজনে আগুন লাগাতে টাকা দিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও’

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো মিথ্যা অভিযোগে দাবি করেছেন, অস্কারজয়ী হলিউড অভিনেতা ও পরিবেশবাদী লিওনার্দো ডিক্যাপ্রিও অ্যামাজন জঙ্গলে আগুন লাগানোর কাজে টাকা দিয়েছেন। তবে এই দাবির স্বপক্ষে তিনি কোনও প্রমাণ হাজির করেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

leonardo-dicaprio-tu-estas-colaborando

আগস্টে অ্যামাজন জঙ্গলে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়লে আন্তর্জাতিক সংকট তৈরি হয়। ওই সময় ব্রাজিলের অরণ্য রক্ষায় ডিক্যাপ্রিও ৫ মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

খবরে বলা হয়েছে, পরিবেশবাদী এনজিওকে ব্রাজিলকে বিতাড়িত করার অঙ্গীকারকারী জনতোষণবাদী ও জাতীয়তাবাদী নেতা বলসোনারো শুক্রবার সমর্থকদের বলেছেন, ‘এই লিওনার্দো ডিক্যাপিও খুব ভালো, তাই না? অ্যামাজনকে পুড়াতে অর্থ দিয়েছেন’।

এক ফেসবুক লাইভ ভিডিওতে এমন অপ্রমাণিত অভিযোগ করার ২৪ ঘণ্টা পর তিনি একই দাবি করেন। ফেসবুকে বলসোনারো বলেছিলেন, ‘লিওনার্দো ডিক্যাপ্রিও, অ্যামাজন পুড়িয়ে ফেলাতে আপনি সহযোগিতা করছেন’। তিনি আরও অভিযোগ করেন, ‘ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণায় অংশ নিচ্ছেন’ এই অভিনেতা।

ব্রাজিলের প্রেসিডেন্টের এই অপ্রমাণিত দাবি মঙ্গলবার দেশটিতে বিতর্কিতভাবে চার স্বেচ্ছাসেবী দমকলকর্মীকে গ্রেফতারের বিষয়টি জড়িত। স্থানীয় পুলিশ কোনও প্রমাণ ছাড়াই দাবি করেছে, একটি আন্তর্জাতিক এনজিও’র তহবিল বাড়ানোর জন্য ওই স্বেচ্ছাসেবীরা জঙ্গলে আগুন লাগিয়েছে। তীব্র ক্ষোভের মুখে বৃহস্পতিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে।

ওই দিনই বলসোনারোর রাজনীতিবিদ ছেলে এদুয়ার্ডো টুইটারে দাবি করেছেন, ‘যে এনজিও অ্যামাজনে আগুন লাগিয়েছে সেটিকে ৩ লাখ ডলার দিয়েছেন ডিক্যাপ্রিও’। তিনি আরও অভিযোগ করেছেন, ‘কনজারভেশন গ্রুপ ডব্লিউডব্লিউএফ ওই এনজিও জ্বলন্ত জঙ্গলের ছবি সরবরাহের জন্য ১৩ হাজার ডলার দিয়েছে’।

এক বিবৃতিতে ডব্লিউডব্লিউএফ’র ব্রাজিল শাখা এই অভিযোগ অস্বীকার করেছে।

হলিউড অভিনেতার বিরুদ্ধে বলসোনারোর এমন ভুয়া অভিযোগে দেশটির বিরোধী রাজনীতিক ও অ্যাক্টিভিস্টরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।