হোয়াইট হাউজ কর্মীদের ভ্যাকসিন পেতে দেরির ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তাদের করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে দশ দিনের মধ্যে হোয়াইট হাউস কর্মীরা ভ্যাকসিন পেতে পারেন বলে খবর প্রকাশের পর এমন ইঙ্গিত দিলেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

unnamed-1605879397879

সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে গণহারে ফাইজার/বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ব্যবহারের জন্য এই ভ্যাকিসন অনুমোদন করা হয়েছে।

রবিবার শেষ রাতে ট্রাম্প টুইটারে জানান, হোয়াইট হাউজ কর্মকর্তাদের ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনায় কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, বিশেষভাবে প্রয়োজন না হলে হোয়াইট হাউজে কর্মরতরা ভ্যাকসিন পাবেন চলমান কর্মসূচির একেবারে শেষ দিকে। আমার ভ্যাকসিন নেওয়ার সূচি ঠিক হয়নি। কিন্তু উপযুক্ত সময়ে ভ্যাকসিন নেওয়ার অপেক্ষায় রয়েছি।

রবিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ শীর্ষ মার্কিন কর্মকর্তারা সোমবার থেকে ভ্যাকসিন নিতে পারেন। মূলত সরকারের কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখার পরিকল্পনার অংশ হিসেবেই প্রথমে শীর্ষস্থানীয় কর্মকর্তাদের টিকা দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রের বরাতে রয়টার্স আরও জানায়, হোয়াইট হাউসের আবশ্যক কর্মী ও সরকারের তিনটি শাখার কর্মকর্তাদের আগামী ১০ দিনের মধ্যে ভ্যাকসিন দেওয়া হতে পারে।

ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। হোয়াইট হাউজের অনেক কর্মকর্তাও ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। ফলে জরুরি ভিত্তিতে তাদের টিকা গ্রহণের প্রয়োজনীয়তা কমে এসেছে।