এক নারী সাংবাদিককে হুমকি দেওয়ার পর সাময়িক বরখাস্ত হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপ-প্রেস সচিব পদত্যাগ করেছেন। শনিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
হোয়াইট হাউজের উপ-মুখপাত্র টিজে ডাকলো মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-র সাংবাদিক তারা পালমেরিকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এই ঘটনায় তাকে বিনা বেতনে এক সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছিল। কঠোর শাস্তি না দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন বাইডেন।
ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের মতে, সাংবাদিক তারা পালমেরি রিপোর্টার অ্যালেক্সি ম্যাককমোন্ডের সঙ্গে ডাকলোর কয়েকমাসের পুরোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন।
ডাকলো তখন পালমেরিকে ফোনে শেষ করে দেওয়ার হুমকি দেন।
হোয়াইট হাউসের প্রেস সচিব পাসাকি জানান, শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউস ডাকলোর পদত্যাগ পত্র গ্রহণ করেছে।
জো বাইডেনের ২০২০ সালের নির্বাচনি প্রচারের সসময় ডাকলো জাতীয় প্রেস সচিবের দায়িত্ব পালন করেন। তিনি টুইটারে এক বিবৃতিতে তার অসহনীয় আচরণের কথা তুলে ধরে বলেন, আমার দুঃখ প্রকাশের কোনও ভাষা নেই। এটি খুবই জঘন্য, অমর্যাদাকর ও অগ্রহণযোগ্য মন্তব্য ছিল।
তিনি আরও বলেন, তার এই কথা হোয়াইট হাউজের অন্য সহকর্মীসহ প্রেসিডেন্ট জো বাইডেনকে লজ্জিত ও অসন্তুষ্ট করেছে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পর বাইডেন অন্যদের সঙ্গে অসদাচরণের বিষয়ে হোয়াইট হাউজ কর্মীদের সতর্ক করেছিলেন।