ফের গ্রেফতার মেক্সিকোর মাদকসম্রাট এল চ্যাপো

মেক্সিকোর মাদকসম্রাট এল চ্যাপো

সুরক্ষিত কারাগার থেকে পালিয়ে যাওয়ার ছয় মাসের মধ্যে পুনরায় গ্রেফতার হয়েছেন মেক্সিকোর মাদকসম্রাট জুয়াকুইন এল চ্যাপো গুজম্যান। শুক্রবার এল চ্যাপোকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ কথা জানা গেছে।

এক টুইট বার্তায় প্রেসিডেন্ট এনরিক পেনা বলেন,‘ অভিযান শেষ হয়েছে। আমরা তাকে ধরেছি।’

গুজম্যান কোকেন, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক যুক্তরাষ্ট্রে পাচার করতেন। গুজম্যানের গ্রেফতারের বিষয়ে তথ্য দিতে যুক্তরাষ্ট্র ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

১৯৯৩ সালে মেক্সিকোর সিনালোয়া প্রদেশের বাসিন্দা গুজম্যানকে মাদক ব্যবসার অভিযোগে প্রথম গ্রেফতার করা হয়।ওই সময় একটি ময়লা কাপড়ের ঝুড়িতে লুকিয়ে থেকে জেল থেকে পালিয়ে যান তিনি।১৩ বছর পালিয়ে থাকার পর ২০১৪ সালে আবারও গ্রেফতার করা হয় তাকে।গত বছরের জুলাই মাসে আবারও পালিয়ে যাওয়ায় বিব্রতকর অবস্থায় পড়ে দেশটির সরকার।

/এএ/এমএসএম/